খোঁজ মিলেছে জিম্বাবুয়ের নিখোঁজ প্রেসিডেন্ট মুগাবের

মুগাবেআচমকা সেই মার্চ মাস থেকে নিখোঁজ থাকা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের খোঁজ পাওয়া গেছে।  প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার তাকে জিম্বাবুয়ের রাজধানীতে দেখা গেছে।
উল্লেখ্য, সবচেয়ে দীর্ঘ সময় ধরে জিম্বাবুয়ের শাসন ক্ষমতায় রয়েছেন ৯২ বছর বয়সী এই প্রেসিডেন্ট। গত মার্চে এক সফরে ভারতে আসেন তিনি। সেখানে ভারতের ধর্মীয় নেতা শ্রী শ্রী রবি শংকরের দাতব্য সংস্থা আর্ট অব লিভিং আয়োজিত ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভলে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু ৭ হাজার কিলোমিটার যাত্রা করে ভারতের পৌঁছেও মুগাবে অনুষ্ঠানে যোগ দেননি।  তার মুখপাত্র জর্জ চারাম্বা সে সময় জানান, ভারতে অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে তিনি এ সফর বাতিল করেছেন এবং কয়েকদিনের মধ্যেই জিম্বাবুয়ে ফিরে আসছেন। কিন্তু তারপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
রয়টার্সের খবরে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, শনিবার রাজধানীর প্রধান বিমানবন্দরে নেমেছেন তিনি। নিরাপত্তাকর্মীদের ভীড় ঠেলে তিনি যখন বের হয়ে আসছিলেন, তখন তাকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিলো।

২০১১ সালে উইকিলিকসের ফাঁস হওয়া তার বার্তায় উল্লেখ করা হয়, মুগাবে জটিল ক্যান্সারে আক্রান্ত। তবে তাকে দেখে বোঝা যায়নি যে, তিনি এ রোগে আক্রান্ত ছিলেন। মুগাবে নিখোঁজের পর গুজব ওঠে, তিনি ভয়াবহ অসুস্থ হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে থাকতে পারেন, আবার মরেও গিয়ে থাকতে পারেন। আবার কেউ কেউ তখন দাবি করে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন মুগাবে। সেখানে তিনি এর আগেও চিকিৎসা নিয়েছেন।

দেশে ফেরার পর মুগাবে

এবার সেই গুজব উড়িয়ে দিয়েছেন মুগাবে। তিনি দাবি করেছেন, দুবাই তিনি ঠিকই গেছেন, তবে সেটা পারিবারিক কাজে। ছেলের বিষয়ে কোনও একটা কাজ ছিল সেখানে। এ নিয়ে এর বেশি আর কিছু জানাননি তিনি। তবে নিখোঁজের গুজব নিয়ে দর্শনতান্ত্রিক মন্তব্য করতে ছাড়েননি এই প্রবীণ রাজনীতিক। বলেছেন, ‘হুম, আমি মরে গিয়েছিলাম। সত্যিই মরে গিয়েছিলাম। কেননা দেশের বাইরে থাকলে আমি আর বস্তুত অস্বিত্ববান থাকি না। তবে দেশে ফিরে আমি পুনরুজ্জীবন পেয়েছি।’

উল্লেখ্য, প্রেসিডেন্টের অবর্তমানে জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন ভাইস প্রেসিডেন্ট এমারসন নাংগাগওয়া। জানা গেছে, মুগাবে পরবর্তী নেতা হওয়ার দৌড়ে ভাইস প্রেসিডেন্টের সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মুগাবের স্ত্রী গ্রেইস। তবে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নেতা প্রেসিডেন্ট মুগাবে সম্প্রতি বলেছেন, তিনি ১০০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে চান আর ততোদিন তিনি ক্ষমতায়ও থাকতে চান। তিনি ৩৬ বছর ধরে জিম্বাবুয়ে শাসন করছেন। সূত্র: ইন্ডিপেনডেন্ট, রয়টার্স,  নিউজ উইক, আইবি টাইমস।

/বিএ/