বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ভূমিকা বিচারের দায় ইতিহাসের ওপর ছেড়ে দিলেও মৃত্যুর দিনই তাকে আক্রমণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাভানার পথে পথে যে মানুষটির জন্য কান্নার রোল পড়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে তাকে ‘নৃশংস একনায়ক’ আখ্যা দিয়েছেন ট্রাম্প।
ফিদেলের মৃত্যুর প্রতিক্রিয়ায় দেওয়া ট্রাম্পের এক বিবৃতির সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কাস্ত্রোকে 'দীর্ঘদিনের বিভীষিকা' বলেছেন ট্রাম্প। ট্রাম্পের আশা, কাস্ত্রোর মৃত্যুর পর কথিত সেই বিভীষিকার অবসান হবে। 'কিউবার মানুষ এগিয়ে যাবে মুক্ত ভবিষ্যতের পথে'।
উল্লেখ্য, ইতিহাসে একজন রাজনৈতিক কর্মী এবং রাষ্ট্রনায়ক হিসেবে ফিদেল কাস্ত্রোর ভূমিকা কী, তা নিয়ে বিভক্তি রয়েছে বিশ্বজুড়ে। অর্ধশতাব্দী কিউবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তিনি সমালোচকদের চোখে একনায়ক। তবে বেশিরভাগ কিউবাবাসীর কাছে তিনি মহানায়ক। যিনি জাদুর কাঠিতে বদলে দিয়েছিলেন দারিদ্র্যপীড়িত একটি দেশকে।
কিউবার দাবি অনুযায়ী, কাস্ত্রো ৬৩৪টি হত্যা পরিকল্পনা এবং চেষ্টা থেকে রেহাই পেয়েছেন। এগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বহিষ্কৃত প্রতিষ্ঠানগুলোর ষড়যন্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। বিষাক্ত ওষুধ, বিষাক্ত চুরুট কিংবা বিষাক্ত রাসায়নিকযুক্ত সাঁতারের পোশাকসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে হত্যাচেষ্টা করা হয়েছিল। আরেকটি পরিকল্পনার অভিযোগ করা হয়ে থাকে। সেটি হলো- ফিদেলকে এমন পাউডার দেওয়া যাতে তার দাড়ি পড়ে গিয়ে জনপ্রিয়তা কমে যায়।
বিভিন্ন হত্যাচেষ্টার পরও নিজে নিজে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় নয়জন মার্কিন প্রেসিডেন্টকে দেখেছেন এ নেতা। ডোয়াইট আইজেনহাওয়ার থেকে বিল ক্লিনটনের পুরো শাসনামল ক্ষমতায় ছিলেন তিনি। জর্জ ডব্লিউ বুশ যখন ক্ষমতায় তখন ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল। শুক্রবার ৯০ বছর বয়সী এ নেতার জীবনাবসান হয়েছে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ফিদেলের ভাই এবং বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোই তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে ৯ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ৪ ডিসেম্বর সান্তিয়াগো ডে কিউবাতে তাকে সমাহিত করা হবে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
/বিএ/