বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের আগস্টে তাদের সার্ভার হ্যাক করে যেসব তথ্য চুরি করা হয়েছে, তাতে প্রায় ১০০ কোটি অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছে।
ইয়াহু-র ওই বিবৃতিতে আরও বলা হয়, হ্যাকাররা ব্যবহারকারীদের নাম, ইমেইল ঠিকানা, টেলিফোন নম্বর এবং জন্মতারিখের মতো তথ্য চুরি করে থাকতে পারে। তবে তাদের দাবি, পেমেন্ট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের মতো তথ্য চুরি হয়নি।
চলতি বছরের সেপ্টেম্বরে ইয়াহু জানায়, তাদের সার্ভার থেকে ৫০ কোটি অ্যাকাউন্টের তথ্য চুরি করা হয়েছে। ২০১৪ সালের ওই হ্যাকিংয়ের ঘটনা থেকে এবারের হ্যাকিং ভিন্ন। সে সময় ওই ঘটনাকে বলা হয়েছিল ‘ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা’। কিন্তু এবার ইয়াহু যে তথ্য প্রকাশ করেছে, তাতে এবারের হ্যাকিংয়ের ঘটনাটিকেই ইতিহাসের ‘সবচেয়ে বড় সাইবার হামলা’ বলা যেতে পারে।
ইয়াহু-র মালিকানাধীন প্রতিষ্ঠান ভেরাইজোন বলছে, হ্যাকিং এর ঘটনা তদন্তে প্রতিষ্ঠানটি পুলিশ এবং কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। এ বছরের জুলাই মাসে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজোন প্রায় ৫০০ কোটি ডলারে ইয়াহুকে কিনে নেয়।
সূত্র: বিবিসি।
/এসএ/