সিএনএনকে আট ঘণ্টা বয়কট ট্রাম্প প্রশাসনের

-

ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক কর্মসূচি সঠিক ভাবে প্রচার না করায় যুক্তরাষ্ট্রভিত্তিক  টেলিভিশন সংবাদ মাধ্যম কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)কে আট ঘণ্টা বয়কট করেছিল হোয়াইট হাউস। আর এ ঘটনায় অতি দ্রুত সমাধানে আসতে প্রেসিডেন্ট ট্রাম্পের এক উপ-সহকারীকে নিয়ে করা একটি অনুষ্ঠান টানা আট ঘণ্টা সম্প্রচার করে চ্যানেলটি। বুধবারের এই ঘটনাটি যুক্তরাষ্ট্রজুড়ে নানামুখী সমালোচনা ও রসালো মন্তব্যের খোরাক জুগিয়েছে। দেশটির জনপ্রিয় ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এ সংবাদটি প্রকাশ করে মন্তব্য ছুঁড়েছে ‘এবার তবে কি এক সপ্তাহের জন্য সিএনএন এর খবরকে ‘ভুয়া খবর’ বলবেন ট্রাম্প?’     

প্রভাবশালী দৈনিক পলিটিকোর উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার রাতে সিএনএন টেলিভিশনের একটি সাপ্তাহিক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের উপ-সহকারী সেবাস্টিয়ান গোর্কাকে দেখানো হয়। সিএনএন-এর প্রধান ওয়াশিংটন প্রতিবেদক জেক ট্যাপারের  উপস্থাপনায় ‘দি লিড উইথ জেক ট্যাপার’ নামের ওই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন গোর্কা। কিন্তু এক ঘণ্টার এ অনুষ্ঠান বারে বারে পুনঃপ্রচার করে টানা আটঘণ্টা ধরে দেখানোয় শুরু হয় নানা ধরনের আলোচনা-সমালোচনা। আর তখনই বোঝা যায় কোথাও কিছু ঘটেছে। এরপর জানা যায়, প্রেসিডেন্টের রাজনৈতিক এজেন্ডা সঠিকভাবে প্রচার না করায় চ্যানেলটিকে বয়কট করেছে হোয়াইট হাউজ। প্রেসিডেন্ট ভবনের এক মুখপাত্রের অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পলিটিকোর উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, সিএনএন’র নিউজের সময়ে হোয়াইট হাউজের প্রেস সচিব সেন স্পাইসার ও সিনিয়র কাউন্সিলর কেলিকাইনকে না দেখানোয় ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেন স্পাইসার জানিয়েছেন, আমরা আমাদের এজেন্ডাকে এগিয়ে নিতে টিভিতে একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম। কিন্তু সিএনএন কর্তৃপক্ষ তাকে পর্দায় সঠিকভাবে দেখায়নি। তাই যে টিভি চ্যানেল কর্তৃপক্ষ সঠিক বিষয় দেখানোর বিষয়ে আগ্রহ দেখায়নি তাদের বিষয়ে আমি কিছুই বলতে চাই না।

অবশ্য আট ঘণ্টা পরে টিভি চ্যানেলটির সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই বিরোধের অবসান ঘটে।

/এসএনএইচ/টিএন/