সরকার ঘোষিত ই-কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর এ সিদ্ধান্তে উপনীত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবারের সংবাদ সম্মেলনে দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, সেসব নিয়োগকারীদের ওপর আমি হতাশ, যারা এখনও তাদের কর্মীদের জন্য আবেদন করেননি। বারবার অনুরোধের পরও যারা সুযোগ কাজে লাগাননি, তাদের জন্য আর সময়সীমা বাড়ানো হবে না।
দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, ১ জুলাইয়ের পর কোনও প্রতিষ্ঠানে অবৈধ শ্রমিক ধরা পড়লে জনপ্রতি ১০ হাজার রিংগিত জরিমানা করা হবে। কোনও অনিয়ম পাওয়া গেলে তাদের আদালতে নেওয়া হবে। অবৈধ শ্রমিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে শেষ মুহূর্তে অবৈধ শ্রমিকদের সুবিধার্থে দেশজুড়ে ইমিগ্রেশন বিভাগ ২৮ থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত ই-কার্ড নিবন্ধনের কাজ করবে।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে সরকার ঘোষিত ওই ই-কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড আবেদনের সুযোগ দেয় মালয়েশিয়া সরকার। দেশটির অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, এ সুযোগ নেওয়া শ্রমিকের হার মাত্র ২৩ শতাংশ। আর মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন প্রায় ৬ লাখ শ্রমিক।
শেষ সময়ে এনফোর্সমেন্ট কার্ড আবেদনের জন্য পুত্রজায়ার ইমিগ্রেশেনে অবৈধ অভিবাসীদের উপচেপড়া ভীড় দেখা গেছে।
/এমপি/