যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে হামলা: ট্রাম্পের আইএসবিরোধী টুইট

দশ মিনিটের ব্যবধানে ট্রাম্পের দুই টুইট

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ম্যানহাটনে ওয়াল ট্রেড সেন্টারের পাশের সাইকেল চালানোর রাস্তায় ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘নিউ ইয়র্কের সন্ত্রাসী হামলায় নিহত ও তাদের পরিবারের প্রতি আমাদের শোক ও প্রার্থনা রইল। স্রষ্টা ও দেশ আপনাদের পাশে থাকবেন।’ এর দশ মিনিট আগে পোস্ট করা আরেকটি টুৃইটে তিনি লিখেছেন, ‘মধ্যপ্রাচ্য এবং অন্যান্য স্থানে আইএসকে পরাজিত করে আসার পর এখন কোনভাবেই আমাদের দেশে তাদের ঢুকতে দেওয়া উচিত হবে না। যথেষ্ট হয়েছে।’ 

এদিকে এ ঘটনায় ভেঙে না পড়ার জন্য নিউ ইয়র্কবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নগর মেয়র বিল দ্য ব্লাসিও। হামলার ঘটনার পরপরই নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে এক বিবৃতি দেন তিনি। নিষ্পাপ নাগরিকদের ওপর হামলার এ ঘটনাকে কাপুরুষোচিত অভিহিত করে মেয়র বলেন, আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এ হামলা চালানো হয়েছে। কিন্তু নিউ ইয়র্কবাসী অনেক শক্ত চিত্তের অধিকারী। সহজে আমাদের ভয় দেখানো যাবে না।’

ভেঙে না পড়ার আহ্বান জানালেন নিউ ইয়র্ক মেয়র

হামলার পরপরই হোয়াইট হাউস থেকে সারাহ স্যান্ডারসের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট এ বিষয়ে অবহিত আছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা। আমরা তাদের সঙ্গেই আছি।’

এরপর নিজের টু্ইটার থেকে মোট তিনটি টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘অসুস্থ ও পাগল এক ব্যক্তির দ্বারা আবারও হামলার শিকার হয়েছে নিউ ইয়র্ক। আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপারটি দেখছে।’  এরপর আরও দুটি টুইট করেন তিনি। 

হামলার পর ডোনাল্ট ট্রাম্পের প্রথম টুইট প্রতিক্রিয়া

 

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার বিকালে (বাংলাদেশ সময় মধ্যরাতে) নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে পথচারী ও সাইকেল আরোহীদের ওপর ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যা করা হয়েছে। এসময় ১২ জন আহত হন। হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। উজবেকিস্তান থেকে  ২০১০ সালে যুক্তরাষ্ট্রে আসার পর ফ্লোরিডায় বসবাস করছিল এ হামলাকারী, তার নাম সাইফুল বলে জানিয়েছে পুলিশ। সূত্র: ইউএসএ টুডে, সিএনএন। 

এ সংক্রান্ত আরও খবর:



যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে হামলা: ৮ জন নিহত, এক বন্দুকধারী আটক

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে হামলাকারীর পরিচয় প্রকাশ