সাংবাদিকদের ব্রেকিং নয়, সংঘর্ষের কারণ ব্যাখ্যা করতে বললেন পোপ

ব্রেকিং খবরের পিছনে না ছুটে সংঘর্ষের কারণ ব্যাখ্যা করতে সাংবাদিকদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভুয়া খবর শুধু ঘৃণা আর আস্পর্দা ছড়ায় বলেও সতর্ক করেন তিনি। ‘সত্য মুক্তি দেবে-শান্তির জন্য ভুয়া খবর ও সাংবাদিকতা’  শীর্ষক এক লেখায় পোপ এসব কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  আগামী ১৩ মে ক্যাথলিক চার্চের বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষ্যে প্রকাশিত ওই লেখায় পোপ ভুয়া খবর ছড়ানো ব্যক্তিদেরকে ‘সাপের কৌশলের’ সঙ্গে তুলনা করেন।
পোপ ফ্রান্সিস। পুরনো ছবিক্যাথলিক খ্রীষ্টানদের এই প্রধান ধর্মগুরু বলেন, বাইবেলের বর্ণনায় ইভকে যখন বিশালাকারের সাপটি নিষিদ্ধ ফল খাওয়ার জন্য প্রলুব্ধ করে তখন প্রথম ভুলতথ্য উপস্থাপন হয়। তিনি বলেন, বাইবেলের ওই পর্ব আমাদের দেখিয়েছে ভুয়া খবর কিরকম ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও সাংবাদিকদের ধান্দাবাজির কৌশলের মুখোশ খুলে দেওয়ার আহ্বান জানান।

পোপ বলেন, নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন, রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার, অর্থনৈতিক লাভের উদ্দেশ্যেই ভুয়া খবর ছড়ানো হয়।

ভুয়া খবরকে বাইবেলের সাপের ঘটনার সঙ্গে তুলনা করে পোপ বলেন, সাপের খোলস পাল্টানোর মতো আচরণকারী সেসব ব্যক্তিদের যেকোন স্থানে, যেকোন সময়ে মুখোশ খুলে দিতে হবে। শিক্ষার সত্যই মানুষকে শেখাবে কীভাবে উপলব্ধি করতে হয়,  মুল্যায়ন করতে হয় আর তথ্য বুঝতে পারতে হয়।

সাংবাদিকদের খবরের সুরক্ষাকারী উল্লেখ করে পোপ বলেন, ‘তাদের ভূমিকা শুধু একটা চাকরি নয়, একটা মিশন।’