মার্কিন ধর্মপ্রচারক বিলি গ্রাহাম আর নেই। বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ধর্মপ্রচারকদের একজন ছিলেন তিনি। নর্থ ক্যারোলিনার মনট্রেটের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। বিলি গ্রাহাম ইভানজেলিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির খবরে বলা হয়েছে, ৬০ বছরের ক্যারিয়ারে বিলি গ্রাহাম বিশ্বের হাজার মিলিয়ন মানুষের মাঝে ধর্মের বাণী প্রচার করেছেন। তার মৃত্যুতে বিভিন্ন সাবেক মার্কিন প্রেসিডেন্টসহ হাজারো মানুষ শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলি গ্রাহামকে ‘মহান’ ও ‘খুব বিশেষ মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে খ্রিস্টধর্মের সুপরিচিত প্রবর্তকদের একজন হিসেবে পরিচিতি পাওয়ার পর ১৯৫৪ সালে লল্ডনে একটি অনুষ্ঠান দিয়ে বিলি গ্রাহাম তার বিশ্বব্যাপী মিশন শুরু করেন। তবে টিভি অনুষ্ঠানের মধ্য দিয়েই মূলত তিনি লাখ লাখ ভক্ত তৈরি করেন।
১৯১৮ সালে নর্থ ক্যারোলিনার শার্লটে বিলি গ্রাহাম জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সেই তিনি নিবেদিতপ্রাণ খ্রিস্টান হয়ে উঠেন।