যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাম্পবিল হলে এই ঘটনা ঘটেছে। তবে নিহতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। এই ঘটনায় জেমস এরিক ডেভিস নামে একজনকে খুঁজছে পুলিশ।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুক্রবার সকালে এক টুইট বার্তায় এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ওই হামলায় দুইজন নিহত হয়েছে। তবে তাদের কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। আর সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছে। আর পুলিশের দাবি পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, ঘটনার আগের রাতে মাদক সংক্রান্ত জটিলতার কারণে সন্দেহভাজন ডেভিসকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সকালে তাকে হলে ফিরিয়ে আনা হয়। সিসি টিভি ফুটেজে দেখা যায়, ঘটনার পর সন্দেহভাজন ডেভিস হলের একটি গেট দিয়ে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে। সূত্র : আলজাজিরা, বিবিসি।