গাজায় ইসরায়েলি সহিংসতায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

অবরুদ্ধ গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর সহিংসতায় ১৬ ফিলিস্তিনি নিহতের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, ভূমি দিবসের চলমান বিক্ষোভে সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে। বৈঠকে উভয়পক্ষকে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে সদস্য রাষ্ট্রগুলো ইসরায়েলি সহিংসতার নিন্দা জানিয়ে কোনও বিবৃতি প্রদানে সম্মত হতে পারেনি।

000_13G0YQ-640x400

জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ শুক্রবার গাজায় ফিলিস্তিনি ও ইসরায়েলিবাহিনীর রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।

কুয়েতের উদ্যোগে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে গাজার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জাতিসংঘের এক উচ্চ পদস্থ কর্মকর্তা সতর্ক করে জানান, আসন্ন দিনগুলোতে সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে। তিনি এই সহিংসতার জন্য আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনে ইসরায়েলকে দায়ী করেছেন। 

বৈঠকটি প্রথমে রুদ্ধদ্বার শুরু হলেও পরে তা উন্মুক্ত শুনানিতে রূপ নেয়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ সহিংসতার নিন্দা জানিয়ে বিবৃতিতে দিতে সম্মত না হওয়ায় তা উন্মুক্ত করা হয়।

আলোচনায় মার্কিন কূটনীতিক ওয়াল্টার মিলার উভয়পক্ষকে উত্তেজনা নিরসনের আহ্বান জানান।

ভূমি দিবস উপলক্ষে টানা ছয় সপ্তাহের বিক্ষোভের প্রথমদিনে ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মার্চ) গাজার ইসরায়েল সীমান্তের ছয়টি স্থানে এই বিক্ষোভ হয়। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের এই বিক্ষোভ চলাকালে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও কমপক্ষে ১৪০০ মানুষ আহত হয়েছেন। আর নিহতদের স্মরণে শনিবার একদিনের শোক ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সূত্র: টাইমস অব ইসরায়েল।