সিরিয়ার বিমানঘাঁটিতে হামলায় ইরানি নাগরিক নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি সেনারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রবিবার সিরিয়ার তিয়াস বিমানঘাঁটিতে বেশ কয়েকজন ইরানি সেনা নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে সিরিয়া ও রাশিয়া। তবে এখনও কোনও মন্তব্য করেনি ইসরায়েল।
মঙ্গলবার ইরানি এক কর্মকর্তা বলেন, এই হামলার জবাব তারা অবশ্যই দেবেন। এরপর ইসরায়েল তাদের উত্তরাঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেতজ। বুধবার এই বিষয়ে বৈঠকেও বসতে যাচ্ছে দেশটির নিরাপত্তা কমিটি।