সিরিয়ার উত্তেজনাবর্জিত এলাকায় বৈঠকে সম্মত রাশিয়া-যুক্তরাষ্ট্র-জর্ডান

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় উত্তেজনাবর্জিত এলাকায় একটি বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জর্ডান। মঙ্গলবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগডানোভ এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির বার্তা সংস্থা আরআইএ।noname
এর আগে গত সপ্তাহে সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘উত্তেজনাবর্জিত’ এলাকায় সামরিক শক্তির সমাবেশ বাড়ার উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। সিরিয়াকে সতর্ক করে দিয়ে দেশটি বলেছে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তারা ‘কঠোর এবং সঠিক পদক্ষেপ’ নেবে। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ জানান সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও জর্ডান সীমান্তবর্তী এলাকায় শুধুমাত্র সিরিয়া সরকারি সেনাবাহিনী থাকতে পারবে। এদিন জর্ডানের তরফ থেকে জানানো হয় দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

জর্ডান জানায় গত বছর তাদের মধ্যস্ততায় তৈরি হওয়া এই উত্তেজনাবর্জিত এলাকায় বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছে তিন পক্ষই। এই এলাকা তৈরি হওয়ায় সেখানে সহিংসতার ঘটনা কমে এসেছে বলে ধারণা করা হয়।

প্রসঙ্গত সিরিয়ায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রাণহানি ঘটেছে সাড়ে তিন লাখেরও বেশি মানুষের। লাখ লাখ মানুষ হয়েছে গৃহহীন। এই গৃহযু্দ্ধে সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। আর আইএস নির্মূলের নামে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।