হোয়াইট হাউসে প্রথমবারের মতো ইফতার আয়োজন করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত বছর বাতিল করলেও এবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো ইফতারের আয়োজন করছেন ডোনাল্ড ট্রাম্প। মুসলমানদের পবিত্র ধর্মীয় মাস রমজানকে স্বীকৃতি দিয়ে আগামী সপ্তাহে এই আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
গত বছর ইফতার আয়োজন বাতিল করে সমালোচনার মুখে পড়েছিল হোয়াইট হাউস। আগের প্রেসিডেন্টদের মধ্যে বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামার আমলে এই আয়োজন হয়ে আসলেও ট্রাম্প তা বাতিল করেছিলেন।

মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ট্রাম্পের সঙ্গে রয়েছে বিরোধপূর্ণ সম্পর্ক। নির্বাচনি প্রচারণার সময়ে মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় গত বছর ইফতার আয়োজন বাতিল করেন তিনি।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বুধবার এ বছরের ইফতার আয়োজন হবে। তবে কারা এই আয়োজনে উপস্থিত থাকবেন তা জানাতে অস্বীকার করেছেন তিনি।

রমজান মাসের শুরু উপলক্ষে গত মাসে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেছিলেন, মুসলমানদের উদারতা আমেরিকার জনজীবনকে ধর্মীয় সম্প্র্রীতির অনন্য মহিমায় উদ্ভাসিত করছে। রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমি সব মুসলমানের প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি। একই সঙ্গে আমেরিকাসহ সারা বিশ্বে মুসলিম সম্প্র্রদায়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কারণ, এ মাসেই মুসলমানেরা রোজাব্রত পালন করেন, কম-ভাগ্যবানদের পাশে দাঁড়ান, সেবামূলক কর্মসূচিতে লিপ্ত হন।