অফডিউটিতেই ছিলেন তিনি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হয়ে কাজ করা ওই ব্যক্তি সময় কাটাতে যান নাইটক্লাবে। সেখানেই নেচে গেয়ে সময় উপভোগ করছিলেন। এমন সময়ই ঘটলো বিপত্তি। নাচতে নাচতে গেলেন ডিগবাজি দিতে। এ সময় হোলস্টার থেকে পড়ে গেল বন্দুক। আর সেটা তুলতে গিয়েই ভুল করে ছুটলো গুলি। এতে এক ব্যক্তি আহতও হয়েছেন। রবিবার যুক্তরাষ্ট্রের মাইল হাই স্পিরিট বারে এই ঘটনা ঘটে।
পায়ে গুলিবিদ্ধ হওয়া ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সুস্থই আছেন তিনি। আর এফবিআই সদস্যের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনও জানা যায়নি।
ঘটনার শুরু শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে। অফডিউটিতে থাকা এক এফবিআই সদস্য তখন সময় কাটাচ্ছিলেন বারটিতে। একটা সময় নাচতেও শুরু করেন। তার ফ্রিস্টাইলের নাচ বেশ উপভোগ করছিলো দর্শকরা। কেউ কেউ ভিডিও করছিলো। সেই ভিডিওতেই পুরো ঘটনাটি স্পষ্ট হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে একটা সময় ডিগবাজি দেন ওই এফবিআই সদস্য। দুই হাতের ওপর ভর করে উল্টো ডিগবাজি দেন। তখনই প্যান্টের হোলস্টার থেকে পরে যায় বন্দুকটি। সেটা কুড়িয়ে নেওয়ার সময় গুলি বের হয়ে যায়। আর সেই গুলি গিয়ে লাগে এক ব্যক্তির পায়ে। সঙ্গে সঙ্গে বন্দুকটি হোলস্টারে রেখে দুই হাত উপরে তুলে ওই স্থান ত্যাগ করেন তিনি।
ডেনভার পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে, তিনি এফবিআই সদস্য। তবে তার পরিচয় প্রকাশ করেনি তারা। মুখপাত্র মারিকা পুটনাম বলেন, তিনি জানেন না ওই সদস্য কী ধরণের বন্দুক বহন করছিলেন। এ ঘটনার তদন্ত চলছে এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে কী অপরাধে তার মামলা হবে।