মার্কিন অপরিশোধিত তেল কেনা শুরু করছে চীনের কোম্পানি

দুই মাস স্থগিত রাখার পর আগামী অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল কেনা আবারও শুরু করছে চীনা তেল কোম্পানি ইউনিপেক। দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের কারণে চীনের প্রতিষ্ঠানটি তেল কেনা বন্ধ রেখেছিল। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ওয়াকিবহাল তিন সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।noname
আগস্টে বেইজিং অতিরিক্ত আমদানি শুল্কের তালিকা থেকে অপরিশোধিত তেল বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা শুরু হচ্ছে। বিষয় সম্পর্কে জানা একটি সূত্র রয়টার্সকে বলেছে, ‘বেইচজিং এর নীতির পরিবর্তনের কারণে আগামী অক্টোবরে জাহাজে বোঝাই করা কিছু পরিমাণ তেল কিনবে ইউনিপেক।’

আরেকটি সূত্র জানায়, ‘প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে চীন অতিরিক্ত শুল্ক তালিকায় অপরিশোধিত তেল রাখলে ইউনিপেক তাদের আমদানি সীমিত করে তবে স্বাভাবিক বাণিজ্য পরিস্থিতিতে ফেরায় আবারও তেল আমদানি করে যোগান ঠিক রাখা হবে।’

বাণিজ্যিক চুক্তি বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় এসব সূত্র নাম প্রকাশ না করার শতের্ রয়টার্সকে এসব কথা জানায়। আনুষ্ঠানিকভাবে ইউনিপেক এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান সিনোপেক’র বাণিজ্যিক শাখা ইউনিপেক। মার্কিন তেলের সবচেয়ে বড় ক্রেতাও তারা। গত জুনে চীনা পণ্যের ওপর ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিলে তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের তেল আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় বেইজিং। ফলে আগস্ট ও সেপ্টেম্বরে মার্কিন তেল কেনা বন্ধ করে দেয় ইউনিপেক।

তৃতীয় আরেকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে সিনোপেক’র লবিংয়ের কারণে অতিরিক্ত শুল্কের তালিকা থেকে অপরিশোধিত তেল বাদ দিয়েছে বেইজিং। তবে যুক্তরাষ্ট্র থেকে কি পরিমাণ তেল কেনা হবে তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র থেকে চীনে তেল পৌঁছাতে এক থেকে দুইমাস পর্যন্ত সময় লাগে। সেই হিসাবে অক্টোবরে তেল কিনে জাহাজে তোলা হলে তা নভেম্বর বা ডিসেম্বরে চীন পৌঁছাতে পারে। তবে এটাও পরিষ্কার নয় যে, সিনোপেক’র কেনা সব মার্কিন তেল চীনে পৌছাবে।

সম্প্রতি, চীনা পণ্যে দ্বিতীয় দফায় শুল্কারোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের এটা দ্বিতীয় শুল্কারোপ। এর মধ্য দিয়ে উভয় দেশের চলমান বাণিজ্যযুদ্ধ আরও ঘনীভূত হচ্ছে। চীন এই শুল্কারোপের পাল্টা-পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে।