ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ২০৯১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ২০৯১ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৮ সেপ্টেম্বরের পর থেকে সেখানে ৫৩৪ বার আফটার শক অনুভূত হয়েছে। রবিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

thumbs_b_c_1e60b15bf4bcab3a5daed8e93cbff20d

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সুলাবেশি রাজ্যের কর্মকর্তারা জানান, এই জোড়া দুর্যোগে প্রায় ৮০ হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন। তাদের তাবু, খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।

একই দিন বালিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বার্ষিক বৈঠক শেষে বিশ্ব ব্যাংক জানিয়েছে, তারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দ্বীপের সংস্কার কাজ করার জন্য তারা ইন্দোনেশিয়ার সরকারকে ১০০ কোটি ডলার ঋণের প্রস্তাব দিয়েছে।

২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। উদ্ধার হতে থাকে একের পর এক মরদেহ। বেশিরভাগ মরদেহ উদ্ধার হয় সমুদ্র তীরবর্তী শহর পালু থেকে।

দুর্যোগের বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার কারণে ধ্বংসস্তূপ থেকে রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সেকারণে মরদেহ উদ্ধারের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। বৃহস্পতিবার সে সময়সীমা শেষ হচ্ছে। এরপর শুরু হবে ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ। যেসব জায়গায় মরদেহ কাদামাটির নিচে চাপা পড়ে গেছে সেসব এলাকাগুলোকে ধীরে ধীরে পার্ক, স্পোর্ট ভেন্যু ও স্মৃতি সৌধ এলাকায় পরিণত করা হবে।