তুরস্কের সৌদি কন্সুল্যেটের ভেতরেই অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। অনির্ধারিত গোয়েন্দা সূত্রে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই দাবি করেছে। তবে ওই সূত্র সিএনএনকে জানিয়েছে, এখনও পর্যন্ত ওয়াশিংটনের পর্যালোচনায় এমনটাই মনে করা হচ্ছে, তবে এটিই তাদের চূড়ান্ত মূল্যায়ন নয়। তুরস্ক এ ঘটনায় সৌদি সংশ্লিষ্টতার আলামত থাকার দাবি করলেও রিয়াদ তা অস্বীকার করে আসছে। এখনও এ ব্যাপারে তুরস্ক কিংবা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কোনও আলাপ হয়নি মার্কিন প্রশাসনের। শিগগির তারা খাশোগি নিখোঁজের ঘটনায় দুই দেশের কাছে তথ্য সংগ্রহ করবে।
জামাল খাশোগি গত সপ্তাহে প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে প্রবেশের পর আর বের হন নি। সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কন্সুল্যেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার।
গোয়েন্দা সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা সিএনএন-কে বলেছেন, খাশোগিকে প্রলোভন দেখিয়ে সৌদি আরবে ফিরিয়ে নেওয়া ও তাকে আটক করার প্রশ্নে সৌদি কর্মকর্তাদের একটি পরিকল্পনামূলক আলোচনায় বাধা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ‘পর্যালোচনা’য় দেখা গেছে, খাশোগিকে ইস্তাম্বুলের কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে। ওই কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমরা বেশ পরিষ্কারভাবে দেখতেপাচ্ছি এটা ঘটেছে এবং তা ভালোবাবে সমাপ্ত হয়নি।’ তবে তিনি সতর্ক করেছেন যে, এটা সর্বশেষ মূল্যায়ন এবং এ নিয়ে উপসংহারে পৌঁছানো হয়নি। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক প্রশাসনিক কর্মকর্তা জানান, গত সপ্তাহে মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনকে তুরস্ক থেকে ফিরিয়ে নেওয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা ব্যস্ত ছিলেন। সেকারণে খাশোগির ঘটনায় তুরস্কের সঙ্গে খুব একটা আলোচনা করতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে এরইমধ্যে ব্রানসন মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। মার্কিন কর্মকর্তা সূত্রে সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন এখন খাশোগি নিখোঁজের ঘটনায় তুরস্কের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকেও কোনও বক্তব্য পায়নি ওয়াশিংটন। শুক্রবার ট্রাম্প বলেছেন, তিনি এখনও সৌদি বাদশাহ সালমানের সঙ্গে খাশোগি নিখোঁজের ব্যাপারে আলোচনা করেননি। শিগগিরই এ ব্যাপারে কথা বলবেন বলে জানান ট্রাম্প।