সুইডেনে শান্তি আলোচনায় বসছে ইয়েমেন সরকার ও হুথি বিদ্রোহীরা

সুইডেনে শুরু হতে যাচ্ছে ইয়েমেন ইস্যুতে জাতিসংঘ আয়োজিত শান্তি সম্মেলন। চার বছরের গৃহযুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে ইতোমধ্যে সুইডেনে পৌঁছেছে ইয়েমেনের সরকার ও ইরান সমর্থিত সশন্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_104637095_050988856

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। পরে সৌদির রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে।

বিবিসি জানায়, ইয়েমেনি সরকার ও হুথি বিদ্রোহীদের সঙ্গে কাজ করবে জাতিসংঘের বিশেষ দল।২০১৬ সালের পর এমন আলোচনা এবারই প্রথম। এর আগে জেনেভায় শান্তি আলোচনা হলেও তা সফলতার মুখ দেখেনি।

জাতিসংঘ আশা করছে এই আলোচনায় এমন একটি কাঠামো বেরিয়ে আসবে যেখানে ভবিষ্যতে রাজনৈতিক সমাধান খোঁজা সহজ হবে।

ধারণা করা হচ্ছে এই আলোচনায় বন্দর নগরী হুদায়দায় কয়েকমাস ধরে চলা যুদ্ধ বন্ধ হবে। জাতিসংঘ কর্মকর্তারা জানান, এক সপ্তাহ ধরে এই আলোচনা চলবে। 

এর আগে হুথিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্কিতে রাজি হয় দেশটির সরকার। হুথি বিদ্রোহীদের বন্দি বিষয়ক কমিটির চেয়ারম্যান আব্দুল কাদের আল মুরতাজা জানান, ‘জাতিসংঘের ইয়েমেনি দূত মার্টিন গ্রিফিন আমাদের জানিয়েছেন যে সৌদি জোট ও ইয়েমেন সরকার বন্দি বিনিময়ে রাজি হয়েছেন।