যুক্তরাষ্ট্রের সিয়াটলে বন্দুকধারীর গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) এ বন্দুক হামলা হয়। এরইমধ্যে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার পেছনে তার উদ্দেশ্য কী ছিল সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একটি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় আরেকটি গাড়িকে ধাক্কা দেয় বন্দুকধারী
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, বন্দুকধারী প্রথমে একটি জংশনে এক মোটরসাইকেল আরোহী এক নারীকে গুলি করে আহত করে। এরপর রাস্তার দিকে হেঁটে গিয়ে একটি বাস লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে বাস চালক আহত হন। এরপর ওই বন্দুকধারী এক ব্যক্তিকে হত্যা করে তার গাড়িটি চুরি করেন। প্রচণ্ড বেগে গাড়িটি চালিয়ে অন্য একটি গাড়িতে সজোরে ধাক্কা দেন এবং চালককে হত্যা করেন।

এক সংবাদ সম্মেলনে পুলিশের উপ প্রধান মার্ক গার্থ গ্রিন এ বন্দুক হামলার ঘটনাকে বিচারবুদ্ধিহীন আকস্মিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

পরিবহন কর্মকর্তারা বলেছেন, বাস চালক গুলিবিদ্ধ হওয়ার জরুরি সংকেত বাজিয়ে দেন এবং কোনোরকমে বাস ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান। ওই বাসের ১২ যাত্রীর সবাই অক্ষত আছে। স্থানীয় সংবাদমাধ্যমে আহত ওই বাস চালকের নাম এরিক স্টার্ক বলে উল্লেখ করা হয়েছে। তার বয়স ৭৫ বছর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিয়াটল শহরের উত্তরাঞ্চলে এ বন্দুক হামলা হয়েছে। স্যান্ড পয়েন্ট ওয়ে নর্থইস্টের কাছে দুই গাড়ির সংঘর্ষের পর পুলিশ ওই সন্দেহভাজনকে আটক করে। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে অবস্থা আশঙ্কামুক্ত।