সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযানে বাগদাদি নিহত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশেষ বাহিনীর অভিযানে জঙ্গিগোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম সিরিয়ায় রাতে এক অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। রবিবার (২৭ অক্টোবর) এক ঘোষণায় এসব বলেন ট্রাম্প। দেশটির সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

5555555555555555555555

একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, শনিবারের ওই হামলায় আইএস প্রধান আবু বকর আল বাগদাদি নিহতের খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক ঊধ্বর্তন প্রতিরক্ষা কর্মকর্তা সিএনএন-কে তার মৃত্যুর তথ্য জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত অন্য একটি সূত্রও সিএনএন-কে একই রকমের খবর দিয়েছে। এর আগেও অবশ্য একাধিকবার বাগদাদি নিহত হওয়ার খবর এসেছিল। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এখনও বেঁচে আছেন এ জঙ্গি নেতা। তখন সিরিয়ার একটি হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার খবরও দেয় সংবাদমাধ্যমটি। সর্বশেষ শনিবার মার্কিন অভিযানে তার নিহতের খবর এলো। খবরে বলা হয়েছে, বাগদাদির অবস্থান শনাক্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছে ইরাকি গোয়েন্দা সংস্থা।

ট্রাম্প বলেন, ‘শনিবার রাতে সিরিয়ার ইদলিবে নিখুঁত অভিযান চালানো হয়। ওই অভিযানে যারা নিহত হয়েছে তাদের মধ্যে বাগদাদি (৪৮) রয়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিশেষ বাহিনীর রাত্রিকালীন অভিযান ছিল বিপজ্জনক ও দুঃসাহসিক। তারা তাদের মিশনটি দুর্দান্তভাবে শেষ করেছেন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আইএস নেতা শেষ পর্যন্ত সারা পথ কাঁদতে কাঁদতে একমুখ বন্ধ টানেলের মধ্যে ঢুকে মারা গেলেন। আত্মঘাতী বেল্ট পরে নিজেকে ও তার তিন শিশুকে হত্যা করলেন। সে একটি কুকুরের মতো করে, কাপুরুষের মতো করে মারা গেলেন। এখন পৃথিবী তুলনামূলক বেশি নিরাপদ।’

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছে, ইসলামিক স্টেট গোষ্ঠীর পলাতক নেতা আবু বকর আল-বাগদাদি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর একটি অভিযানে নিহত হয়েছেন। এর আগে তাকে ধরিয়ে দেওয়ার জন্য ২০১১ সালে ওয়াশিংটন সরকার পুরস্কারের ঘোষণা দেয়। পরে পুরস্কারের অঙ্ক বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করা হয়।

জঙ্গিগোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল বাগদাদির গোপন আস্তানায় শনিবার যুক্তরাষ্ট্রের চালানো হামলার ভিডিও প্রচার করেছে ইরাক। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ভিডিও সম্প্রচার করা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের একটি সূত্র জানিয়েছে, শনিবার মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন বাগদাদি। সূত্র: রয়টার্স, সিএনএন।