প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ইম্পিচমেন্ট তদন্ত শুরুর একটি প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এই তদন্ত কিভাবে পরিচালিত হবে তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে ডেমোক্র্যাটদের আনা ওই প্রস্তাবে। প্রতিনিধি পরিষদে ২৩২- ১৯৬ ভোটে এটি অনুমোদন পায়। এই ভোটাভুটির নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আগামী বছরের নির্বাচনে অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনোস্কিকে চাপ দিয়েছিলেন তিনি। এক হুইসলব্লোয়ারের মাধ্যমে এই তথ্য প্রকাশ হয়ে গেলে ট্রাম্পকে তার পদ থেকে সরাতে ইম্পিচমেন্টের দাবি তোলে ডেমোক্র্যাট শিবির। তবে কোনও ভুল করার কথা অস্বীকার করে আসছেন ট্রাম্প।
বুধবার ট্রাম্পের ইম্পিচমেন্ট তদন্ত শুরু করতে প্রতিনিধি পরিষদে আট পাতার প্রস্তাব তোলে ডেমোক্র্যাটরা। ওই প্রস্তাবে দুই ধাপে তদন্ত এগিয়ে নেওয়ার কথা বলা হয়। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে হাউস ইন্টেলিজেন্স কমিটি তাদের তদন্ত চালু রাখবে আর গণশুনানি আয়োজন করবে। দ্বিতীয় ধাপে ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করে হাউস জুডিশিয়ারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। পরে তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবারের ভোটাভুটিতে রিপাবলিকান সব আইনপ্রণেতা ট্রাম্পের পক্ষে ভোট দেয়। আর ডেমোক্র্যাটদের মধ্যে দুই জন ছাড়া বাকি সবাই প্রস্তাব অনুমোদনের পক্ষে ভোট দেয়।