মার্কিন সহায়তায় জর্ডান উপত্যকা দখলের ঘোষণা ইসরায়েলের

জর্ডান উপত্যকা দখল এবং দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার দখলকৃত এলাকায় এক সফরে গিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় এসব সম্প্রসারণ কাজ চলবে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মতো এই প্রতিশ্রুতি দিলেন তিনি।  এর আগে রবিবার জেরুজালেমের এক সম্মেলনে তিনি বলেছিলেন, জর্ডান উপত্যকা দখলে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।noname

জর্ডান উপত্যকার পূর্বে জর্ডান ও ইসরায়েল এবং পশ্চিমে পশ্চিম তীর অবস্থিত। ১৯৯৪ সালের শান্তি চুক্তির আওতায় জর্ডানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাকুরা ও দক্ষিণাঞ্চলের ঘামার এলাকা ইসরায়েলি কৃষকরা ব্যবহার করতে পারে। চুক্তির একটি বিশেষ ধারার আওতায় ইসরায়েলিদের সেখানে ভূমির ব্যক্তিগত মালিকানার অধিকারের পাশপাশি অবাধ চলাচল করতে দেওয়া হয়। ইসরায়েলকে ইজারা দেওয়া ভূ-খণ্ড দুটি ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। সম্প্রতি তা বাতিলের ঘোষণা দিয়েছে জর্ডান।

তবে এবার পুরো উপত্যকাটিই দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, প্রথমে আমরা যা করবো তা হলো জর্ডান উপত্যকা এবং বসতিগুলোতে আমাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব। আর তা করা হবে যুক্তরাষ্ট্রে স্বীকৃতি নিয়েই।

নেতানিয়াহু আরও বলেন, এর মধ্য দিয়ে আমরা ইসরায়েলকে শক্তিশালী এবং এর ভবিষ্যত নিশ্চিত করছি।