কাশ্মির ইস্যুর সমাধান চান ইমরান

Imran Khanপাকিস্তান ও ভারতের কাশ্মির ইস্যুর মতো দীর্ঘমেয়াদী ও অমীমাংসিত বিষয়গুলোতে একটা সমাধানে পৌঁছানো উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান।
শনিবার ভারত থেকে দেশে ফিরে লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, দুই দেশেরই উচিত পারস্পরিক সম্পর্কোন্নয়নে নজর দেওয়া। এ ছাড়া উভয় পক্ষের দারিদ্র বিমোচনে বাণিজ্য সহযোগিতা আরও শক্তিশালী করা প্রয়োজন বলেও মন্তব্য করেন ইমরান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে গিয়েছিলেন ইমরান।
বিমানবন্দরে ইমরান বলেন, বিরোধ মীমাংসা ছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে অন্য কোনও বিকল্প নেই। দুই দেশের নেতাদেরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত যে, তারা পরস্পরের শান্তি প্রক্রিয়ায় কোনও অন্তর্ঘাতমূলক পদক্ষেপ নেবেন না।
তিনি বলেন, দুই পক্ষের মধ্যেই শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করার মতো লোকজন রয়েছে।
ইমরান খান বলেন, দুই দেশের নেতাদেরই দূরদর্শিতার প্রয়োজন রয়েছে। শান্তিপূর্ণ এবং আন্তরিক সম্পর্ক বজায় রাখার মাধ্যমে উভয় পক্ষই লাভবান হতে পারে।
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি’র বইয়ের প্রসঙ্গ টেনে ইমরান জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন কাশ্মির ইস্যুর সমাধানের মাধ্যমেই পাকিস্তান ও ভারত পরস্পর আরও কাছাকাছি অবস্থানে আসতে পারে।
মোদির কাছে ভারতে সংখ্যালঘুদের দুর্দশার বিষয়টি তুলে ধরেন ইমরান। তিনি বলেন, ভারতে এমন ঘটনা ঘটলে পাকিস্তানেও এর প্রভাব পড়বে। ভারতীয় কর্তৃপক্ষের উচিত দেশটিতে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য বন্ধে একটা স্বচ্ছ বার্তা দেওয়া।পাকিস্তানের সাবেক এই জনপ্রিয় ক্রিকেটার বলেন, পাকিস্তান ও ভারতের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া উচিত। কারণ এটা উভয় দেশের মানুষকে পরস্পরের আরও কাছে নিয়ে আসে। দুই প্রতিবেশি দেশের মধ্যকার উত্তেজনা কমাতে এটা সহায়ক হতে পারে। সূত্র: ডন।

/এমপি/বিএ/