রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

সিরিয়ার চলমান যুদ্ধাবস্থা নিয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। একদিনের এ সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এরদোয়ানের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।রজব তাইয়্যেব এরদোয়ান

এরদোয়ানের দফতর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৫ মার্চ একদিনের সফরে রাশিয়া যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট।

সম্প্রতি রাশিয়া সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী ইদলিবে বিমান হামলা চালিয়ে ৩৩ তুর্কি সেনাকে হত্যা করে। পাল্টা প্রতিশোধ হিসেবে আসাদ বাহিনীর দুই সুখোই যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। ড্রোন হামলা চালিয়ে আসাদ বাহিনীর তিন ঊর্ধ্বতন জেনারেলসহ অন্তত ২৬ সেনাকে হত্যা করা হয়। এছাড়া ওই হামলায় সিরিয়ায় তৎপর ইরান সমর্থিত ২১ বিদ্রোহীও নিহত হয় বলে জানা গেছে।

৩৩ তুর্কি সেনাকে হত্যার ঘটনায় প্রতিশোধের পাশাপাশি সিরিয়ায় তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়াতে মস্কোর প্রতিও আহ্বান জানান এরদোয়ান। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহের প্রচেষ্টা জোরদার করে আঙ্কারা। এমন পরিস্থিতিতেই এরদোয়ানের রাশিয়া সফরের ঘোষণা এলো।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর বলেছেন, রাশিয়ার মুখোমুখি হওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে, সিরীয় সরকারের নির্বিচারে হত্যাকাণ্ড থামানো, উগ্রবাদী গোষ্ঠীগুলোকে নিবৃত্ত করা এবং বেসামরিক লোকজনের বাস্তুচ্যুতি বন্ধ করা।

এদিকে আসাদ বাহিনীর হামলায় তুর্কি সেনাদের প্রাণহানির ঘটনায় ইতোমধ্যেই আঙ্কারার পাশে থাকার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ আরও নানা বিষয় নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ন্যাটো মিত্র তুরস্কের পাশে আছি। সিরিয়া, রাশিয়া ও ইরান সমর্থিত বাহিনীর নিন্দনীয় অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানাচ্ছি।’ ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়া ও আসাদ বাহিনীর অভিযান থামানোর আহ্বান জানিয়েছেন। সূত্র: আল জাজিরা, স্ট্রেইট টাইমস।