দক্ষিণ কোরিয়ায় সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত ১৭৯

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় সুস্থ হয়ে উঠা শতাধিক ব্যক্তি ফের এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রবিবার দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, নতুন করে আরও ১৬ জন সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭৯। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।noname

কেসিডিসি জানিয়েছে, দ্বিতীয় দফায় আক্রান্ত হওয়া ১৬ জন প্রথম দফায় সুস্থ হয়ে উঠেছিল। কোয়ারেন্টিন থেকেও তাদের রিলিজ দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় দফায় পরীক্ষা করা হলে তাদের করোনা পজিটিভ আসে। অর্থাৎ তারা আবারও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দফায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৯।

রবিবারের ব্রিফিংয়ে কেসিডিসি-র পরিচালক জাং ইউন কেয়ং উপস্থিত ছিলেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে মোট আট হাজার ৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করেন, একবার সুস্থ হয়ে উঠার পর ফের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার সুযোগ খুব কম। তবে একবার সুস্থ হয়ে উঠার পর লোকজনের ফের আক্রান্ত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টির কারণ উদঘাটনে কাজ করছে দক্ষিণ কোরিয়ার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি)।