ক্যালিফোর্নিয়া হামলার এক সন্দেহভাজন সাঈদ ফারুক!

us shooting_____12345ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় ১৪ জনের নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে যুক্তরাষ্ট্রের মিডিয়ায় সাঈদ ফারুক নামের একজনের কথা উঠে এসেছে।
দু’টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে লস অ্যাঞ্জেল টাইমস সন্দেহভাজন হিসেবে সাঈদ ফারুকের নাম নিশ্চিত করেছে।
এদিকে পাবলিক রেকর্ডের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, ওই নামের একজন ব্যক্তি সান বারনারডিনো কাউন্টিতে একজন পরিবেশ সংক্রান্ত স্বাস্থ্য বিশেষজ্ঞ। আর যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স পুলিশ সন্দেহের তালিকায় রেখেছে, সেখানে ওই একই নামের একজন ব্যক্তি থাকেন বলে জানিয়েছে তারা।
এনবিসি নিউজের দাবি, সন্দেহভাজন আরেক হামলাকারী ফারুকের ভাই। তবে হামলার আরেক সন্দেহভাজন নারীর পরিচয় প্রকাশ করতে পারেনি তারা।
পুলিশ এ নিয়ে কিছু বলছে না এখনও। তবে এফবিআই এর লস অ্যাঞ্জেলস অফিসের সহকারী পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সব ধরনের সম্ভাব্যতা খতিয়ে দেখছেন তারা। ‘হতে পারে এটা সন্ত্রাসী হামলা, আবার এও হতে পারে এটি পেশাগত কারণে সংঘটিত সহিংসতা’। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।  
এরআগে সান বারনারডিনো পুলিশ এবং এফবিআই-এর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, দুই সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। সন্দেহভাজন তৃতীয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
হামলা চলাকালে পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে ওই দুই সন্দেহভাজনের মৃত্যু হয়। এদের একজন পুরুষ, অপরজন নারী। দুজনের পোশাকই ছিলো কালো। তাদের সঙ্গে রাইফেল আর হাতবোমা ছিলো।
ঘটনার সময় ওই অঞ্চল থেকে পালিয়ে যাচ্ছিল, এমন একজনকে আটক করেছে পুলিশ। তবে তার নামপরিচয় এবং তিনি সরাসরি হামলায় জড়িত কিনা তা নিরাপত্তা সূত্র নিশ্চিত করেনি।

এফবিআইএর সহকারী পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, এটি সন্ত্রাসবাদী হামলা কিনা, তা নিশ্চিত করে বলার সময় আসেনি। নিশ্চিত না হয়ে এ ব্যাপারে এফবিআই কিছু বলতে চায় না বলে জানিয়েছেন তিনি। 'আমি জানি, এখন একটি প্রশ্ন উঠবে। তা হলো, এই হামলা সন্ত্রাসবাদীদের করা হামলা কিনা। আমরা নিশ্চিত নই। হতেও পারে যে, এটি সন্ত্রাসবাদীদেরই কাজ। তবে সেই ধারণা নিয়ে আমরা এগোচ্ছি না।' মন্তব্য করেন তিনি।

সান বারনারডিনো পুলিশের প্রধান বলেন, কোন উদ্দেশ্য কিংবা পূর্ব ধারণা নিয়ে তারা ঘটনাকে বর্ণনা করবেন না। যদিও এর কিছুসময় আগের সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, 'হামলাকারীরা একটি মিশন নিয়ে এসেছিলো, তাদের কোন উদ্দেশ্য ছিলো'। তবে প্রথাগতভাবে এটি সন্ত্রাসবাদী হামলা কিনা, তা নিয়ে তাদের কাছে এখনও কোন তথ্য নেই বলেও জানিেয়ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানে বন্দুকধারীদের ওই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত ও আরও ১৭ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার স্থানীয় সময় বিকেলে ক্যালিফর্নিয়ার সান বারনারডিনো এলাকায় ইনল্যান্ড রিজিওনাল সেন্টার ইস এ হেলপ অ্যান্ড মেডিক্যাল অর্গানাইজেসন নামে প্রতিষ্ঠানটিতে ঘটনা ঘটে। এই হামলায় মোট তিন জন বন্দুকধারী অংশ নেয় বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থলে মার্কিন পুলিশের বিশেষ টিম সোয়াত এবং বোমা নিস্ক্রিয়করণ দল কাজ করছে।

এছাড়া দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে বলে হোয়াইট হাউজের একটি সূত্র জানিয়েছে।

সূত্র: স্কাই নিউজ, এনবিসি নিউজ, বিবিসি, রয়টার্স

/বিএ/