লাদাখ সীমান্তে সোমবারের সংঘাতের জেরে আটক হওয়া ১০ জন ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে চীন। কয়েকটি সেনা সূত্রের বরাত দিয়ে 'দ্য হিন্দু' জানিয়েছে, ছাড়া পাওয়াদের মধ্যে একজন লেফটেন্যান্ট-কর্নেল ও তিনজন মেজর পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। তবে ভারত সরকার এই খবর সম্পর্কে নিশ্চিত কিছু জানায়নি।
এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে ওই সংঘাতে অন্তত ২৩ ভারতীয় সেনা নিহত হওয়ার কথা জানায় জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে। আহত সেনার সংখ্যা অন্তত ৭৬। তবে চীনের পক্ষ থেকে হতাহতের কোনও তথ্য প্রকাশ করা হয়নি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে।
১০ সেনাসদস্যের 'মুক্তি'র ব্যাপারে ভারতের জনপ্রিয় দৈনিক ইন্ডিয়া টুডে'র একজন সিনিয়র এডিটর শিব আরুর এক টুইটার বার্তায় জানিয়েছেন উভয়পক্ষের মধ্যে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের পর কয়েকটি শর্তের অধীনে ভারতের সেনাসদস্যদের 'মুক্তি' দিয়েছে চীন। তার মতে, এই ঘটনা দুই দেশের আলোচনা সফল করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই অসমর্থিত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, এই সংঘর্ষে ৪৩জন চীনা সৈন্য হতাহত হয়ে থাকতে পারে। তবে চীন এখনও পর্যন্ত হতাহতের কোনও তথ্য দেয়নি। কিছু ভারতীয় সৈন্য এখনও নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।