হাউস্টনে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার জন্য বেইজিংকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। কনস্যুলেট চত্বরে কিছু নথি পুড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশের পর এ নির্দেশ দেওয়া হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবারের (২৪ জুলাই) মধ্যে কার্যালয়টি বন্ধ করে দিতে বলা হয়েছে। এ পদক্ষেপকে ‘রাজনৈতিক উসকানি’ বলে উল্লেখ করেছে চীন।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে অন্যায্য বলে উল্লেখ করেছেন চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।
কনস্যুলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। তা না হলে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।