ব্রেন ক্যান্সারমুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার

8dacd6c1b18349908e6dc0827afbb14b_18নিজেকে ব্রেন ক্যান্সারমুক্ত বলে ঘোষণা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। রবিবার এক বিবৃতিতে কার্টার জানান সবশেষ এমআরআই রিপোর্টে মূল ক্যান্সার কিংবা নতুন করে সৃষ্ট ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায়নি। খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত আগস্টে যকৃতে ম্যালানোমার স্পট ছাড়াও ব্রেনে চারটি টিউমার রয়েছে বলে জানিয়েছিলেন কার্টার। সম্প্রতি শান্তিতে নোবেলজয়ী ৯১ বছর বয়সী সাবেক এ নেতার যকৃতে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়।
জিমি কার্টারের ঘনিষ্ঠ এক বন্ধু দ্য আটলান্টা জার্নাল কন্সটিটিউশনকে জানান, মারানাঠা ব্যাপটিস্ট চার্চের সানডে স্কুল ক্লাসে অংশ নিয়ে সাবেক এ প্রেসিডেন্ট নিজেই নিজের সুস্থতার খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ব্রেন স্ক্যানে ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায়নি।
জিমি কার্টার ধীরে ধীরে সুস্থতাবোধ করছেন বলে গত মাসেই জানিয়েছিলেন তার চিকিৎসকরা।
১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ৩৯ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জিমি কার্টার। সেসময় মধ্যপ্রাচ্যের শান্তিরক্ষায় কাজ করেন তিনি। বাদামচাষী থেকে প্রেসিডেন্ট হয়ে ওঠা কার্টার কাজ করেছেন আরব-ইসরায়েল শান্তিচুক্তির জন্যও। সূত্র: আল জাজিরা।

/এফইউ/