যুক্তরাষ্ট্রে ২০ লাখ একরজুড়ে দাবানল, বিদ্যুৎ বিচ্ছিন্ন দেড় লক্ষাধিক বাসিন্দা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এরইমধ্যে পুড়ে গেছে রেকর্ড পরিমাণ এলাকা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে নতুন নতুন বনাঞ্চলে। রাজ্যের বনাঞ্চল এবং অগ্নি নিরাপত্তা দফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই দাবানলে পুড়ে গেছে ২০ লাখ একরেরও বেশি এলাকার বনভূমি। নতুন করে বিপর্যয় এড়াতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্থানীয় সময় সোমবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপদ্রুত এলাকার এক লাখ ৭২ হাজার মানুষ। বুধবার সন্ধ্যা নাগাদ ফের পুরোদমে সঞ্চালন ব্যবস্থা চালুর ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ।noname

কর্মকর্তারা বলছেন, মোট ২২টি বড় ধরনের দাবানলের ঘটনা ঘটেছে। এর মধ্যে এল ডোরাদোতে দাবানলে এক স্থানেই পুড়ে গেছে সাত হাজার একরের বেশি জায়গা। উপদ্রুত এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের।
গত ১৫ আগস্ট থেকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বনাঞ্চলে দাবানল শুরু হয়েছে। তখন থেকে এ পর্যন্ত প্রায় এক হাজারটি দাবানলের কবলে পড়েছে মার্কিন অঙ্গরাজ্যটি। বেশিরভাগ ক্ষেত্রে বজ্রপাত থেকে শুরু হয় এসব অগ্নিকাণ্ড।
বর্তমানে রেকর্ড তাপপ্রবাহের মুখে রয়েছে ক্যালিফোর্নিয়া। কর্মকর্তারা জানিয়েছেন, এই বছর দাবানলে কেবল কুড়ি লাখ একরের বনাঞ্চলই পুড়ে যায়নি, প্রাণ হারিয়েছে আট ব্যক্তি আর ধ্বংস হয়েছে অন্তত তিন হাজার তিনশ’ অবকাঠামো। এর আগে সর্বশেষ ২০১৮ সালে দাবানলে অঙ্গরাজ্যটির ১৯ লাখ ৯৬ হাজার একর বনভূমি পুড়ে যায়। ১৯৮৭ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর সেটিই ছিলো সর্বোচ্চ।

এ বছর রেকর্ড পরিমাণ বনাঞ্চল পুড়ে যাওয়ার পরও অন্তত ২৪টি স্থানের দাবানল ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার ১৪ হাজারের বেশি অগ্নি নির্বাপণ কর্মী। এখন পর্যন্ত সবচেয়ে বড় দাবানলটি শুরু হয়েছে সেখানকার সিয়েরা পর্বতে গত শুক্রবার। আগুনে অঞ্চলটির প্রায় ৭৮ হাজার একর জায়গা পুড়ে যাওয়ার পরও সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সান ডিয়েগো উপত্যকায় দাবানলে পুড়ে গেছে ১০ হাজার একরেরও বেশি জায়গা।