আজই হাসপাতাল ছাড়ছি: ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হাসপাতাল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এদিন বিকেলে এক টুইট বার্তায় এই ঘোষণা দেন তিনি। ৭৪ বছর বয়সী ট্রাম্প জানান, ২০ বছর আগের চেয়েও ভালো অনুভব করছেন তিনি।  মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত বৃহস্পতিবার রাতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। মেলানিয়ার মৃদু উপসর্গ থাকলেও হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টকে অক্সিজেন দিতে হয়েছিল। এরপরই তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু রবিবার আচমকাই বেরিয়ে পড়েন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে হাত নাড়ার পাশাপাশি নিজের গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেন তিনি। প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যে দেশটিতে প্রশ্ন উঠেছে।

সোমবার বিকেলে এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘আমি আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে আধুনিক ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টার ছেড়ে যাচ্ছি। খুবই ভালো লাগছে। কোভিড ভয় পাবেন না। এটাকে আপনার জীবনের প্রভাবক হয়ে উঠতে দেবেন না। ট্রাম্প প্রশাসনের অধীনে আমরা কিছু সত্যিকার চমৎকার ওষুধ এবং জ্ঞান উদ্ভাবন করেছি। ২০ বছর আগের চেয়েও ভালো অনুভব করছি!’