রামাদিতে আইএসবিরোধী অভিযান জোরদার করছে ইরাকি বাহিনী

ইরাকের রামাদি শহরে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে থাকা অধিকাংশ অংশ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এরইমধ্যে গত মঙ্গলবার শুরু হওয়া এ অভিযান আরও জোরদার করা হয়েছে।
রামাদিতে স্থানীয় সরকারের প্রধান কার্যালয়ে সাড়ে ৫০০ গজের মধ্যে লড়াই করেছে ইরাকি বাহিনী ও আইএস।
গত মে মাসে বাগদাদের ৫৫ মাইল পশ্চিমে সুন্নি অধ্যুষিত এ শহরটির দখল নেয় আইএস। তখন বিষয়টি ইরাকি বাহিনীর জন্য একটি শোচনীয় ও লজ্জাজনক পরাজয় হিসেবে বিবেচিত হয়েছিল। আনবার প্রদেশের রাজধানী রামাদি বাগদাদ থেকে মাত্র দুই ঘণ্টার পথ।
শনিবার রামাদির পরিস্থিতি নিয়ে কথা বলেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহইয়া রসুল। তিনি জানান, রামাদিতে আইএসের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ জেলাটির কেন্দ্রে প্রবেশ করেছে সেনাবাহিনী। বোমা ও মাইনের কারণে তারা ধীর গতিতে অগ্রসর হচ্ছেন। তবে বিমান হামলার মাধ্যমে বিভিন্ন স্থানে পুঁতে রাখা বোমা ও মাইনের বিস্ফোরণ ঘটিয়ে সেনাদের অগ্রসর হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

ইরাকে নিযুক্ত মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেছেন, রামাদির পতন অনিবার্য। সামনেই চূড়ান্ত ক্ষণ।

এর আগে গত সপ্তাহে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবেইদি জানিয়েছেন, ইরাকি বাহিনী ও তাদের মিত্রদের সফল আক্রমণের মুখে ইরাকে আইএসের নিয়ন্ত্রণাধীন এলাকা সংকুচিত হয়ে পড়ছে। গত বছর তাদের দখলে থাকা এলাকা ৪০ শতাংশ থেকে ১৭ শতাংশে নেমে এসেছে। সূত্র: বিবিসি।

/এমপি/