গুরুত্বপূর্ণ চার রাজ্যে এগিয়ে বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র একদিন। এরইমধ্যে রবিবার প্রকাশিত নতুন এক জরিপে দেখা গেছে, গুরুত্বপূর্ণ চার রাজ্যে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এই চার রাজ্য হচ্ছে পেনসিলভানিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনা ও উইসকনসিন।noname

নিউ ইয়র্ক টাইমস ও সিয়ানা কলেজ পরিচালিত এ জরিপে দেখা গেছে, ২০১৬ সালের নির্বাচনে ভোট দেননি এমন অনেক ভোটারও এবার নির্বাচনের প্রতি আগ্রহ দেখিয়েছেন। এদের একটা বড় অংশই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের সমর্থক।

এগিয়ে থাকা চার রাজ্যের মধ্যে বাইডেন সবচেয়ে ভালো অবস্থানে আছেন উইসকনসিনে। সেখানে ট্রাম্পের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছেন তিনি। অ্যারিজোনা, ফ্লোরিডা ও পেনসিলভানিয়ায় তিনি এগিয়ে রয়েছেন যথাক্রমে ছয়, তিন ও ছ‍য় পয়েন্টে।

গত ২৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে এ জরিপ চালানো হয়। নির্বাচনের দুই দিন আগে প্রকাশিত এ জরিপের ফলে শক্ত অবস্থানে দেখা গেছে বাইডেনকে।

এবারের নির্বাচনে এরইমধ্যে রেকর্ড ৯ কোটিরও বেশি আগাম ভোট পড়েছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইউএস ইলেকশনস প্রজেক্ট এই তথ্য দিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগাম ভোট পড়েছে ৯ কোটি ১০ লাখ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভোটের জন্য নির্ধারিত তারিখের আগেই শনিবার পর্যন্ত এই বিপুল সংখ্যক মানুষের ভোট প্রয়োগের ঘটনা  দেশটিতে এক শতকেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়ার ক্ষেত্র তৈরি করেছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, এবারের আগাম ভোটের সংখ্যা মার্কিন জনগণের আগ্রহেরই প্রমাণ। শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে যে পরিমাণ আগাম ভোট পড়েছে, তা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটের প্রায় ৬৫ শতাংশ।

চার বছর আগে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের প্রেসিডেন্সির লড়াইয়ে ১৩ কোটি ৮০ লাখ ভোট পড়েছিল; এবার তা সহজেই ছাড়িয়ে যাবে বলেই অনুমান বিশেষজ্ঞদের। গতবারের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছিল মাত্র ৪ কোটি ৭০ লাখ। এবার এরইমধ্যে এ সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে।

জনমত জরিপগুলোতে ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে আছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্পের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। শেষ মুহূর্তে চমক দেখাতে ট্রাম্পও মরিয়া প্রচারে নেমেছেন।