আফগানিস্তানের রাজধানী কাবুলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, দুইটি রকেট বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে। শনিবার সকালের ওই হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এক মাসেরও কম সময়ে কাবুলে দ্বিতীয়বারের মতো এ ধরনের হামলা চালানো হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সাংবাদিকদের বলেন, কাবুলের কাছাকাছি লেব জার এলাকা থেকে চারটি রকেট নিক্ষেপ করা হয়। তিনি আরও জানান, এসব রকেটের মধ্যে দু’টি কাবুল বিমান বন্দরের কাছে আঘাত হানে।
এরআগে গত নভেম্বরে কাবুলে দফায় দফায় রকেট হামলার ঘটনায় কমপক্ষে ৮ বেসামরিক নিহত এবং আরও ডজনখানেক আহত হয়।
এর আগে মাসের শুরুতে কাবুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় একদল বন্দুকধারী। হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়। এর মধ্যে অধিকাংশই ছিল শিক্ষার্থী। ওই হামলায় আরও অর্ধশতাধিক আহত হয়েছে।