তৃণমূলে যোগ দেওয়ায় স্ত্রীকে বিচ্ছেদের নোটিশ বিজেপি নেতার

পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল-বদলের বিরোধে ভাঙতে বসেছে এক দম্পতির দীর্ঘদিনের সংসার। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ-কে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন বিজেপির এমপি সৌমিত্র খাঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।সুজাতা ও সৌমিত্র

চার মাস পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। ওই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা দল পরিবর্তন করে বিজেপিতে ভিড়েছেন। তবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতার সংখ্যা খুব সামান্যই।  

গত সোমবার কলকাতায় সংবাদ সম্মেলন করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘোষণা দেন সুজাতা মণ্ডল খাঁ। এই সিদ্ধান্তের পেছনে তিনি যে কয়েকটি কারণ উল্লেখ করেন তার মধ্যে অন্যতম হলো বিজেপিতে কোনও সম্মান না পাওয়া। বেশ কয়েকজন দুর্নীতিবাজ নেতাকে বিজেপিতে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এর কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা সংবাদ সম্মেলন করেন তার স্বামী সৌমিত্র খাঁ। স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রকাশ্যে কেঁদে ফেলেন তিনি। একই সঙ্গে তিনি দশ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণাও দেন। স্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এখন থেকে নিজেকে আর সৌমিত্র খাঁর স্ত্রী পরিচয় দেবেন না। রাজনৈতিক গন্তব্য ঠিক করার সমস্ত স্বাধীনতা আমি আপনাকে দিচ্ছি।’

গত বছরের নির্বাচনে তার জয়ের পেছনে স্ত্রী সুজাতা খাঁর ভূমিকা থাকার কথা স্বীকার করেন সৌমিত্র খাঁ। ফৌজদারি অপরাধের একটি মামলার কারণে তার নির্বাচনি এলাকায় যাওয়ার ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করলে তার পক্ষে প্রচারণা চালান স্ত্রী সুজাতা। বিজেপি’র এমপি সৌমিত্র বলেন, ‘আমাদের সেই গল্প শেষ হয়ে গেছে। তার সঙ্গে এখন আমার আর কোনও যোগাযোগ নেই। মেনে নিয়েছি যে সুজাতা এখন আর আমার কেউ নয়।’

অবশ্য স্বামীর বিরুদ্ধেও পাল্টা অভিযোগ তুলেছেন সুজাতা মণ্ডল। নির্বাচিত হওয়ার পর থেকে তার প্রতি কোনও খেয়াল রাখছেন না বলেও অভিযোগ করেন তিনি। বিজেপির নেতাদের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেন। বলেন, তারা তার স্বামীকে উসকানি দিচ্ছে এবং তার ‘বিয়ে ভেঙে ফেলার’ চেষ্টা করছে।

উল্লেখ্য, সৌমিত্রের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস থেকে। ২০১৩ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং ২০১৯ সালের জানুয়ারিতে যোগ দেন ক্ষমতাসীন দল বিজেপিতে।