নাশভিলের বিস্ফোরণ আত্মঘাতী হামলা!

বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরে বিস্ফোরণের ঘটনাকে আত্মঘাতী হামলা হতে পারে মনে করছে নিরাপত্তা বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।12

শক্তিশালী ওই বিস্ফোরণের কাছেই এক ব্যক্তির দেহাবশেষ পাওয়ার পর তদন্তকারীরা মৃতদেহটির ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছেন। ওই ব্যক্তিই সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী বলে প্রতীয়মান হচ্ছে।

ওই বিস্ফোরণে তিন জন আহত হয়। এছাড়া এ ঘটনায় টেনেসি ও আরও চারটি রাজ্যে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে।

শনিবার নাশভিলের শহরতলির অ্যান্টিওচ শহরে এক সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ।

ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে তার কোনও কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। কোনও ব্যক্তি বা গোষ্ঠীও এর দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় প্রকৃত অর্থে দায়ী ব্যক্তিকে ধরিয়ে দিতে তিন লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন কয়েকজন ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব।

কর্মকর্তাদের বিশ্বাস উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে। স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, এর সঙ্গে একটি সন্দেহজনক গাড়ির সংশ্লিষ্টতা রয়েছে।

স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র জোসেফ প্লেজান্ট জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিন জনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের কারোর অবস্থা গুরুতর নয়।

বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করছে একাধিক সংস্থা। এতে কেন্দ্রীয় এবং স্থানীয় সংস্থাও যুক্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী পবাক ম্যাককয় জানান, তার বাড়ির সামনেই বিস্ফোরণটি ঘটে। উড়ে যায় তার ঘরের জানালা। তিনি বলেন, রাস্তার সবকিছুতে আগুন ধরে যায়। রাস্তায় থাকা তিনটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

নাশভিলের মেয়র জন কুপার বলেন, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগেরই জানালা উড়ে গেছে। কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়েছে।