ভোট গণনা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ইউএস ক্যাপিটল) ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের নিন্দা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ ঘটনাকে মার্কিন ইতিহাসের ‘একটি কালো দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সহিংসতা দমন এবং পার্লামেন্ট ভবনের নিরাপত্তা নিশ্চিত করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে ভোট গণনা ইস্যুতে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১২ ঘণ্টার কারফিউ জারি হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই কারফিউ শুরু হয়েছে, চলবে সকাল ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হয়েছে, চলবে বিকাল ৫টা পর্যন্ত)। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার পর ডিস্ট্রিক অব কলাম্বিয়ার (ডিসি) মেয়র মুরিল বসের এই কারফিউ জারি করেন।
পার্লামেন্ট ভবনে তাণ্ডবের আগে-পরে করা ট্রাম্পের টুইটেও সমাজের জন্য ক্ষতিকর শব্দ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় তার অ্যাকাউন্টটি ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্প নিয়ম ভঙ্গ করেছেন এটা প্রতীয়মান হওয়ায় পরবর্তী ১২ ঘণ্টার জন্য তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হলো। এ সময় তাকে সতর্ক করে বলা হয়, প্রথমবার এ ঘটনা ঘটায় তাকে সতর্ক করা হচ্ছে। ফের একই ধরনের ঘটনা ঘটলে তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।