আলোচনায় নোভাভ্যাক্সের টিকা, পরীক্ষায় ৮৯ শতাংশ কার্যকারিতা প্রমাণিত

যুক্তরাজ্যে পরিচালিত বিস্তারিত এক পরীক্ষায় দেখা গেছে, মার্কিন জৈব প্রযুক্তি সংস্থা নোভাভ্যাক্স উদ্ভাবিত করোনাভাইরাসের নতুন একটি ভ্যাকসিন ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। টিকাটি ব্রিটেনে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইনটির বিরুদ্ধেও কার্যকর বলে জানিয়েছেন বিবিসির মেডিকেল এডিটর ফারগুস ওয়ালস। গবেষকরাও টিকাটি নিয়ে খুবই আশাবাদী।

যুক্তরাজ্য এখন পর্যন্ত করোনাভাইরাসের তিনটি টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে। এরমধ্যে একটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, অপরটি ফাইজার-বায়োএনটেক আর তৃতীয়টি ওষুধ কোম্পানি মর্ডানার। নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার মানুষ অংশ নেয়, যাদের ২৭ শতাংশের বয়স ছিল ৬৫ বছরের বেশি।

যুক্তরাজ্য বলছে, মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির অনুমোদন পেলে এ বছরের মাঝামাঝি সময় থেকেই এই টিকার প্রয়োগ শুরু করবে দেশটি।

দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ মানুষ করোনাভাইরাসের একটি নতুন ধরনে আক্রান্ত। সেখানে চালানো ট্রায়ালে দেখা গেছে, যাদের এইচআইভি নেই তাদের ক্ষেত্রে এটি ৬০ শতাংশ কার্যকর হয়েছে। নোভাভ্যাক্স-এর প্রধান নির্বাহী স্ট্যান অ্যার্ক বলেছেন, যুক্তরাজ্যে ট্রায়ালের ফলাফল "চমৎকার" এবং "ততটাই ভালো যতটা আমরা আশা করেছিলাম"। আর দক্ষিণ আফ্রিকার ব্যাপারে তিনি বলেছেন, সেখানকার ফলাফল মানুষের প্রত্যাশার চেয়ে বেশি ছিল।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই 'সুখবর'কে স্বাগত জানিয়েছেন। বলেছেন, যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এখন এই ভ্যাকসিন পরীক্ষা করে দেখবে।

যুক্তরাজ্য এরইমধ্যে এই টিকার ছয় কোটি ডোজ কেনার জন্য আদেশ দিয়েছে, আর এই টিকা তৈরি হবে স্টকটন-অন-টিজ শহরে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, যদি নতুন এই টিকা অনুমোদন পেয়ে যায়, তাহলে এনএইচএস এটির প্রয়োগ শুরু করতে প্রস্তুত আছে। "এটি একটি ইতিবাচক খবর। যদি মেডিসিন নিয়ন্ত্রকরা এটির অনুমোদন দেয়, তাহলে নোভাভ্যাক্স ভ্যাকসিন আমাদের টিকাদান কর্মসূচিকে জোরদার করবে এবং এই ভয়াবহ ভাইরাস মোকাবিলায় এটি হবে আরেকটি অস্ত্র", বলেন তিনি।

যুক্তরাজ্যের নোভাভ্যাক্স ট্রায়ালের প্রধান ইনভেস্টিগেটর অধ্যাপক পল হিথ বলেন, "এই ফলাফল খুবই রোমাঞ্চকর, যা দেখাচ্ছে যে টিকাটি বেশ কার্যকর এবং নিরাপদ। আরও গুরুত্বপূর্ণ হলো, যুক্তরাজ্যে ভাইরাসের নতুন যে ধরনটি দ্রুত ছড়িয়ে পড়েছে, তার বিরুদ্ধেও এটি কাজ করে"।

ইমপেরিয়াল কলেজ লন্ডনের এক্সপেরিমেন্টাল মেডিসিনের অধ্যাপক পিটার ওপেনশ বলেন, যুক্তরাজ্যে ট্রায়ালে এই ভ্যাকসিনের যে ফলাফল দেখা গেছে তা 'চমৎকার', কিন্তু দক্ষিণ আফ্রিকার পরীক্ষায় যে এটি কিছুটা কম কার্যকর বলে প্রমাণিত হয়েছে, সেটা 'উদ্বেগের'।