যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের সশস্ত্র বাহিনীর গ্রেফতারকৃত নেতা আম্মন ব্যান্ডি (৪০) বাকি আন্দোলনকারীদের ঘরে ফিরতে অনুরোধ করেছেন। সরকারি জমিতে বিনামূল্যে পশুচারণের অধিকার চেয়ে গত তিন সপ্তাহ ধরে বন্যপ্রাণীদের অভয়ারণ্যে অবস্থান করছিলেন তারা।
গ্রেফতার হওয়ার পর পুলিশের হেফাজতে নেওয়া হয় ব্যান্ডিকে। বুধবার তাকে আদালতে তোলা হলে সেখানে তিনি তার বিবৃতিতে এই অনুরোধ জানান। আদালতে শুনানির পর অ্যাটর্নি মাইকেল আর্নল্ড আম্মন ব্যান্ডির বিবৃতিটি গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে পাঠ করেন।
বিবৃতিতে ব্যান্ডি বলেন, ‘যারা এখনো মালহারের অভয়ারণ্যে অবস্থান নিয়ে আছেন, তাদের বলছি, আমি আপনাদের ভালোবাসি। আমরা এখান থেকেই লড়াই চালিয়ে যাবো। আপনারা ঘরে ফিরে যান। আপনারা আপনাদের পরিবারের কাছে ফিরে যান, তাদের পাশে থাকুন।’
এদিকে, মালহারে অবস্থানরত আন্দোলনকারী জেসন প্যাট্রিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ব্যান্ডি গ্রেফতার হওয়ার পর থেকে অনেকেই ফিরে যাচ্ছেন যদিও কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি বসিয়েছে। তবে জেসন জানান, আন্দোলনকারীরা কেউ ‘আত্মসমর্পণ’ করেননি।
উল্লেখ্য, মঙ্গলবার রাষ্ট্রের মালিকানাধীন ভূমিতে পশু চারণের অধিকারের জন্য আন্দোলনরত সশস্ত্র খামার মালিকদের উচ্ছেদ করতে অভিযান চালায় পুলিশ। মালহার জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্যে অভিযান চালিয়ে খামারমালিকদের নেতা আম্মন ব্যান্ডিকে গ্রেফতার করা হয়। এ সময় আম্মনের ভাই রায়ান আহত হন এবং লাভোয় ফিনিসাম নামের আরেক আন্দোলনকারী পুলিশের গুলিতে প্রাণ হারান। সূত্র: রয়টার্স, আল জাজিরা
/ইউআর/বিএ/