ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও এখনও দেশটির রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে পারেনি রাশিয়া। এই ব্যর্থতার জন্য মস্কোর দুর্বল পরিকল্পনা এবং সেটি বাস্তবায়নে ব্যর্থতাকে দায়ী করছেন পর্যবেক্ষকরা। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস-এর মতে, ইউক্রেনীয়দের কাছ থেকে এমন প্রতিরোধের সম্মুখীন হতে হবে, এ বিষয়টি অনুধাবনে ব্যর্থ হয়েছে রাশিয়া। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউক্রেনে আগ্রাসনের ফলে রাশিয়া বিপর্যয়ের মুখে পড়েছে বলেও দাবি করেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের এই পরিচালক।
এভ্রিল হেইনস বলেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের পর্যালোচনা হচ্ছে, মস্কো ইউক্রেনের প্রতিরোধের ক্ষমতাকে ছোট করে দেখেছে।
রুশ বাহিনীর মনোবলের সমস্যা, প্রয়োজনীয় যুদ্ধোপকরণের সরবরাহসহ অভ্যন্তরীণ নানা সামরিক চ্যালেঞ্জের বিষয়টিও মস্কো সেভাবে বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন এভ্রিল হেইনস।
তিনি বলেন, রাশিয়া পুরো ইউক্রেন দখলের সর্বোচ্চ পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। তবে এ ধরনের পথে অগ্রসর হলে মস্কোর পক্ষে দেশটিকে ধরে রাখা একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে।
এদিকে ইউক্রেনে নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা দুই থেকে চার হাজারের মধ্যে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে এ তথ্য জানান পেন্টাগন প্রধান।