মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা বাছাইয়ে শনিবার রিপাবলিকান এবং ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন দৌড়ে দুটি করে রাজ্যে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনকে হারিয়ে শক্তভাবে লড়াইয়ে ফিরেছেন টেড ক্রুজ এবং বার্নি স্যান্ডার্স।
শনিবার ডেমোক্র্যাটরা ৩টি এবং রিপাবলিকানরা ৪টি অঙ্গরাজ্যে পছন্দের প্রার্থীদের বাছাই করতে ভোট দেন। ডেমোক্র্যাটদের বাছাইয়ে স্যান্ডার্স কানসাস এবং নেব্রাস্কা ককাসে জয়ী হয়েছেন। তবে লুইজিয়ানায় হিলারি জয়ী হতে যাচ্ছেন বলে জানা গেছে। আজ (৬ মার্চ) ডেমোক্র্যাট বাছাই অনুষ্ঠিত হবে মেইন ককাসে।
অপরদিকে, রিপাবলিকানদের বাছাইয়ে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ কানসাস এবং মেইন ককাসে জয়ী হয়েছেন। তবে তার প্রতিদ্বন্দ্বী ধনকুবের ট্রাম্প লুইজিয়ানা এবং কেন্টাকিতে জয়ী হতে যাচ্ছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
ইদাহুতে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ক্রুজ বলেছেন, ‘কানসাসে আমরা যা দেখতে পেলাম, তা হলো – ভরবেগের পরিবর্তন।’
প্রার্থী বাছাই নিশ্চিত করতে হিলারির আরও ১ হাজার ২৬৯ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন। আর রিপাবলিকান বাছাইয়ে ট্রাম্পের প্রয়োজন আরও ৮৯০ জন ডেলিগেটের সমর্থন।
বৃহস্পতিবার ‘সুপার টিউসডেতে’ ব্যাপক জয়ের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত বিতর্কে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প নিজ দলের প্রতিদ্বন্দ্বীদের তীব্র তোপের মুখে পড়েছেন। সেই বিতর্কে ট্রাম্পকে আক্রমণ করতে গিয়ে অন্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীরা একরকম ঐক্যবদ্ধ হয়ে পড়েন। রিপাবলিকান শিবিরে ট্রাম্পের বিরোধিতা সামনে আসায় বাছাইয়েও তার প্রভাব পড়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
টেড ক্রুজ এবং বার্নি স্যান্ডার্সের এই জয়ের পর ধারণা করা হচ্ছে, সামনের বাছাইগুলোতে আরও শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটন। সূত্র: বিবিসি।
/এসএ/