বিবিসির খবরে বলা হয়েছে, মেইন অঙ্গরাজ্যে ৯১ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে স্যান্ডার্স ৬৪ শতাংশ ভোট পেয়েছেন। হিলারি পেয়েছেন ৩৬ শতাংশ ।
এর আগের দিন শনিবার অনুষ্ঠিত বাছাইপর্বের কথিত ‘সুপার স্যাটারডে’র প্রতিদ্বন্দ্বিতায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের মধ্যে স্যান্ডার্স দুটি ও হিলারি একটি অঙ্গরাজ্যে জয়লাভ করেন। স্যান্ডার্স জয় পান নেব্রাস্কা ও কানসাস অঙ্গরাজ্যে। হিলারি জয়ী হন লুইজিয়ানায়। তবে ‘সুপার টিউসডে’তে ১১ টি অঙ্গরাজ্যের মধ্যে ৭টিতে জয় পেয়ে স্যান্ডার্সের থেকে ডেলিগেট প্রাপ্তিতে বড় ব্যাবধানে এগিয়ে যান হিলারি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতা নির্বাচনের প্রক্রিয়াটি বেশ জটিল। প্রাইমারি ও ককাস নামের দুইটি পদ্ধতির মধ্য দিয়ে সেখানে প্রার্থিতা চূড়ান্ত করার প্রাথমিক পর্ব সম্পন্ন হয়। প্রাইমারি হচ্ছে প্রথাগত নির্বাচন, যেখানে দিনব্যাপী গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। আর ককাস হচ্ছে দলের নিবন্ধিত ভোটার ও কর্মীদের সভা, যা পূর্বনির্ধারিত দিন ও ক্ষণে অনুষ্ঠিত হয়। কোনো কোনো অঙ্গরাজ্যে শুধু প্রাইমারি নির্বাচন হয়, আবার কোনো রাজ্যে শুধু ককাস নির্বাচন হয়। কোনো রাজ্যে প্রাইমারি ও ককাস দুটিই হয়। এবার এই প্রক্রিয়া শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি। শেষ হওয়ার কথা ১৪ জুন। প্রাইমারি বা ককাস নির্বাচন সাধারণত সরাসরি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নির্ধারণের সুযোগ পাওয়ার পরিবর্তে তারা নির্ধারণ করেন যে, প্রতিটি দলের কনভেনশনে দলের কোন প্রার্থী কতজন ডেলিগেট সংগ্রহ করতে পারলেন। চূড়ান্ত দলীয় কনভেনশনে ওই ডেলিগেটদের ভোটেই চূড়ান্ত প্রার্থিতা নিশ্চিত করা হয়।
এবারের নির্বাচনের প্রার্থিতা বাছাইয়ে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের ডেলিগেট সংখ্যা ৪,৭৬৩ জন। এদের মধ্যে প্রাইমারি আর ককাস থেকে নির্বাচিত ডেলিগেটের সংখ্যা হবে ৪২৫১ জন। আর সুপার ডেলিগেটের সংখ্যা ৭১২ জন। মোট ৪৭৬৩ জন সাধারণ ও সুপার ডেলিগেটের মধ্যে অর্ধেকের বেশি সংখ্যক ডেলিগেট যাকে ভোট দেবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ডেমোক্র্যাটদের হয়ে। সে হিসেবে প্রার্থিতা নিশ্চিত করতে একজন মনোনয়ন প্রত্যাশীকে পেতে হবে ২৩৮২ জন ডেলিগেটের সমর্থন। জুলাইয়ে ফিলাডেলফিয়ায় প্রার্থী বাছাইয়ে অনুষ্ঠিত হবে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন। সেই সম্মেলনেই ডেলিগেট আর সুপার ডেলিগেটদের ভোটে নির্ধারিত হবেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী।
এপির সবশেষ তথ্য অনুযায়ী ডেলিগেট সংগ্রহের ক্ষেত্রে হিলারি এ পর্যন্ত পেয়েছেন ১১৩০ জনের সমর্থন। আর স্যান্ডার্স নিশ্চিত করতে পেরেছেন কেবল ৪৯৯ জনের সমর্থন। এখনও সমর্থন দেওয়ার বাইরে আছেন ৩১৩৫ জন ডেলিগেট। প্রার্থিতা নিশ্চিত করতে গেলে হিলারিকে এর মধ্যে পেতে হবে ১২৫২ জনের সমর্থন। আর স্যান্ডার্সকে পেতে হবে ১৮৮৩ জনের সমর্থন। সূত্র: বিবিসি, এপি
/বিএ/