আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার শিকার চিকিৎসকের মা-বাবাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে পুলিশ, এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব অভিযোগকে তার সরকারের বিরুদ্ধে অপবাদ বলে উল্লেখ করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
ধর্ষণ ও হত্যার শিকার চিকিৎসকের বাবা গত সপ্তাহে অভিযোগ করেছেন, ঘটনাটি ধামাচাপা দিতে চাচ্ছিল কলকাতা পুলিশ। এজন্য মুখ বন্ধ রাখতে তাদেরকে ঘুষের প্রস্তাব দেওয়া হয়।
এর জবাবে মমতা বলেছেন, ‘এগুলো অপবাদ ছাড়া কিছু নয়। আমি কখনো তাদের অর্থের প্রস্তাব দিইনি। বরং আমি বলেছিলাম, অর্থ দিয়ে কখনোই একটা প্রাণের ক্ষতিপূরণ হয় না। তবে, তারা যদি মেয়ের স্মৃতির উদ্দেশ্যে কিছু করতে চায়, আমার সঙ্গে যোগাযোগে কোনও বাঁধা নেই। সরকার সবসময় তাদের পাশে আছে।’
এর আগে ওই বাবা অভিযোগ করে বলেছিলেন, ‘পুলিশ শুরু থেকেই ঘটনাটি ধামাচাপা দিতে চাচ্ছিল। আমাদেরকে প্রথমে মরদেহ দেখতে দেওয়া হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যাওয়া হয়। আর থানার বাইরে আমরা অপেক্ষা করতে থাকি। পরে লাশ হস্তান্তরের সময় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আমাদেরকে ঘুষের প্রস্তাব দেয়। তৎক্ষণাৎ সেই প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করি।’
এদিকে, সরকারের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপনের পর একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। সেখানে পুলিশের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করতে দেখা যায় ওই বাবাকে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এগুলো একদমই ভিত্তিহীন গুজব। পুলিশ কর্মকর্তারা আমাদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন, এমন কথা আমরা একবারও বলিনি। এটা একটা ডাহা মিথ্যা।’
৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে এক নারী চিকিৎসকের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। প্রাথমিকভাবে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই তদন্তের শেষ ধাপে আছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।