অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে তীব্র তাপপ্রবাহ, দাবানলের ঝুঁকি বাড়ছে

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি জানিয়েছে। 
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সারা স্কালি বলেন, “অস্বাভাবিকভাবে উত্তপ্ত একটি বায়ুস্তর পশ্চিম অস্ট্রেলিয়া থেকে দক্ষিণাঞ্চলজুড়ে বিস্তৃত রয়েছে। এর ফলে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রিরও বেশি ছাড়িয়ে যাচ্ছে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে।”
ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে; রাজধানী মেলবোর্নে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি। কর্তৃপক্ষ এসব রাজ্যের বাসিন্দাদের ঘরে থাকার এবং পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানিয়েছে। রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় দমকল বাহিনী অগ্নিকাণ্ডের সঙ্গে লড়াই করছে। অন্যদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডে তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে গেলে দুই হাজারের বেশি ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসব অঞ্চলের বাসিন্দাদের আশ্রয়ের জন্য জনসমাগমস্থলগুলোর খোলা থাকার সময়ও বাড়ানো হয়েছে।
জরুরি ব্যবস্থাপনা কমিশনার টিম উইবুশ বলেন, “আমরা ইতোমধ্যেই সারা রাজ্যে তীব্র থেকে চরম তাপপ্রবাহের বিষয়ে আগাম সতর্কবার্তা জারি করেছিলাম। এখন বাস্তবে সেই পরিস্থিতি শুরু হয়ে গেছে।”
নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি এবং পার্থ শহরে ৩২ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরমের কারণে মনাটো সাফারি পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ভালডিন টাকওয়েল এবিসিকে বলেন, “এই মুহূর্তে শান্ত থাকা জরুরি। এটা মাত্র দুই-তিন দিনের ব্যাপার, এরপর আবার তাপমাত্রা কমে যাবে।”
আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ছয় বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ। ২০১৯-২০ সালে, ভয়ংকর ‘ব্ল্যাক সামার’ দাবানলে ৩৩ জন নিহত হয়েছিলেন এবং দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে যায়। এবারের আবহাওয়া সেই ব্ল্যাক সামারের স্মৃতিকেই ফিরিয়ে আনছে যেন। আবহাওয়া অধিদপ্তর নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার জন্য তীব্র তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে। পাশাপাশি ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানলের ঝুঁকির সতর্কতাও দেওয়া হয়েছে।