ট্রাম্প যদি প্রেসিডেন্ট হতেন, তাহলে কেমন হতো সংবাদপত্রের শিরোনাম! দ্য বোস্টন গ্লোব তা কল্পনা করে এক কাল্পনিক প্রথম পাতা প্রকাশ করেছে। রবিবারের পত্রিকার ‘আইডিয়াজ’ বিভাগে ছাপা হয় ওই পাতা।
কাল্পনিক ওই সংবাদ শিরোনামে লেখা হয়, ‘শিগগির অবৈধদের বিতাড়িত করা হবে।’ পাতাটির তারিখ দেওয়া হয় ৯ এপ্রিল ২০১৭। সংবাদে বলা হয়, বিভিন্ন নগরীতে কারফিউ ও বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ বাসিন্দাদের বিতাড়িত করতে কংগ্রেসের প্রতি এক তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন।
এ ছাড়াও বাকি পাতার সংবাদগুলোতে ট্রাম্প সরকারের অধীনে বিমর্ষ এক যুক্তরাষ্ট্রের চিত্র অঙ্কিত হয়েছে। প্রধান শিরোনাম ছাড়া বাকি একটি সংবাদ শিরোনামে বলা হয়, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে বিদ্বেষপূর্ণ আইন জারি’ এবং তৃতীয় আরেকটি শিরোনামে লেখা হয়, ‘ইসলামিক স্টেট সদস্যদের পরিবার হত্যা করতে অস্বীকৃতি জনিয়েছেন মার্কিন সেনারা।’
একই সঙ্গে কিছু হাস্যরসাত্মক সংবাদও যুক্ত করা হয়েছে ওই পাতায়। যেমন, প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হওয়া উপলক্ষ্যে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক প্রেসিডেন্ট ট্রাম্পের নামে নামকরণ করা হয়েছে।
এই সংখ্যার কঠোর সম্পাদকীয়তে বলা হয়, এই ব্যাঙ্গাত্মক পাতাটি ছাপা হয়েছে ব্যক্তির বক্তব্যকে আক্ষরিক অর্থে নেওয়ার চর্চা শুরু করার উদ্দেশ্যে। সম্পাদকীয়তে আরও বলা হয়, ‘ডোনাল্ড ট্রাম্পের দেখা ভবিষ্যৎ আমাদের জাতির জন্য অত্যন্ত হতাশাজনক এবং একেবারেই আমেরিকানসুলভ নয়।’
তবে বোস্টন গ্লোবের এই বিশেষ ব্যাঙ্গাত্মক সংখ্যা প্রকাশের প্রতিক্রিয়ায় ট্রাম্প শিবিরের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। সূত্রঃ দ্য গার্ডিয়ান
/ইউআর/বিএ/