অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

নরেন্দ্র মোদি সরকারকে কাঁপিয়ে দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে লাগাতার আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান এক্স-এ (সাবেক টুইটার) হিন্দিতে লেখা একটি চিঠির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি পোস্ট করেন। খবর দ্য টেলিগ্রাফ

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আজ শনিবার (২৫ জুলাই) বিকালে সিজেপি ও কেন্দ্র সরকারের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফা আলোচনার কথা রয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের প্রধান দাবিই ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এছাড়া তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণের দাবিও জানিয়ে আসছিলেন।

এর আগে দুই দফা আলোচনা হলেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই সিজেপি ও কেন্দ্রের মধ্যকার আলোচনা থমকে গিয়েছিল। শনিবার সকালে সিজিপি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে, তবে কোনো আলোচনা হতে পারে না।