‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দীপকে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সাফল্যের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বার্তা দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেছে সিজেপি। রবিবার (২৬ জুলাই) এক ভিডিও বার্তায় আন্দোলনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান অভিজিৎ।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক ভিডিওতে ৩০ বছর বয়সী দীপকে জানান, এখন তিনি অনেকটাই স্বস্তিতে আছেন।

দীপকে বলেন, ‘‘এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। সকালে ঘুম থেকে উঠে আর ভাবতে হয় না, এরপর কী করব বা সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে।’’

৩৭ দিনের আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘‘পুরো সময়টা সত্যিই খুব কঠিন ছিল’’। তবে এখন আর কোনও আতঙ্ক নেই বলেও জানান তিনি।

ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে দীপকে বলেন, ‘‘এই সাফল্যই শেষ নয়। এটা তো সবে শুরু। ককরোচ জনতা পার্টির এখনও অনেক দূর পথ পাড়ি দিতে হবে।’’

ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের ব্যঙ্গাত্মক জবাব হিসেবে মে মাসে দীপকে সিজেপি প্রতিষ্ঠা করেন। পরে তা দেশজুড়ে তরুণদের একটি বড় আন্দোলনে রূপ নেয়। রাজধানীর জন্তর মন্তরে হাজারো সমর্থক জড়ো হয়ে প্রশ্নফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যান।

ভিডিও বার্তায় দীপকে আরও জানান, টাইফয়েড ও জ্বরে আক্রান্ত থাকায় আন্দোলনের শেষের দিন জন্তর মন্তরে উপস্থিত সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারেননি।

তার ভাষ্য, ‘‘যারা ৩৭ দিন ধরে জন্তর মন্তরে ছিলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনারা দেশের জন্য যা করেছেন, আমি সত্যিই তার প্রশংসা করি।’’