দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৬ আগস্ট (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

যে চার কৌশলে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় পরাশক্তি হলো চীন; ট্রাম্পকে হামলা থেকে বিরত না রাখলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের; চীনে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, কমলা সতর্কতা জারি; ইরানের সঙ্গে চুক্তি হবে ঝামেলাপূর্ণ, কেন এ কথা বললেন ভ্যান্স; ভিসা-গ্রিন কার্ড আবেদনে কড়াকড়ি বাড়ালো যুক্তরাষ্ট্র, যা থাকছে নতুন নীতিতে; মার্কিন চাপ উপেক্ষা করে আইসিসির পাশে থাকার ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

কীভাবে একটি অনুন্নত দেশ বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হলো? কীভাবে প্রায় ৮০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করে একটি দেশ গোটা পৃথিবীর অর্থনৈতিক চালিকাশক্তি হয়ে উঠলো? চীনের এই অর্থনৈতিক বিপ্লব রাতারাতি কিংবা কোনও একগুঁয়ে ছক বা উচ্চভিলাসী পরিকল্পনা অনুসরণ করে গড়ে ওঠেনি। শুধু বিশ্বকে দেখানোর জন্য রাজধানী কিংবা বাছাই করা কোনও অঞ্চলকে সমৃদ্ধ না করে, শতভাগ বাস্তবমুখী পরিকল্পনা ও ধাপে ধাপে সংস্কারের মাধ্যমে গোটা দেশ জুড়েই এই উন্নয়ন সাধিত হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করতে এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার উদ্যোগ নিতে পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর তীব্র কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিবৃত্ত না করা হলে উপসাগরীয় দেশগুলোর তেল, বিদ্যুৎ ও পানিশোধনাগারে সরাসরি হামলার স্পষ্ট হুমকি দিয়েছে তেহরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

চীনের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র (এনএমইএফসি) এ বছরের ১৩তম টাইফুনের সতর্ক সংকেত জারি করেছে। বৃহস্পতিবার সকালে ‘ডলফিন’ নামে এই টাইফুন পূর্ব উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় সৃষ্ট সমুদ্রের বিপজ্জনক ঢেউয়ের জন্য এ সতর্কতা দেওয়া হয়।

 

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান চুক্তির কাছাকাছি পৌঁছালেও ইরানের সঙ্গে এই আলোচনা শেষ পর্যন্ত ঝামেলাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যস্থতা সামনে এগোলেও চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে সময় লাগবে।

 

ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায়, অসম্পূর্ণ বা পর্যাপ্ত নথিপত্র ছাড়া জমা দেওয়া আবেদন অতিরিক্ত তথ্য চাওয়া ছাড়াই সরাসরি বাতিল করতে পারবেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা। ভারতের বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।

 

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে আইসিসির সদস্যপদ ও অর্থায়ন থেকে সরে আসতে চাপ দিলেও কানাডা আদালতটির প্রতি সমর্থন অব্যাহত রাখবে।