বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৮ আগস্ট (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ; নতুন বিল পাস করেছে যুক্তরাষ্ট্র, বিপদে পড়ছে ভারত; ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা প্রতিহত করা হবে: পেজেশকিয়ান; গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি; ট্রাম্পের সাবেক আইনজীবীই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল; মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানে জামায়াতে ইসলামির- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
মেয়াদোত্তীর্ণ দুধ, পচা মাংস, সবজিতে ছত্রাক- রাস্তার পাশের ছোট দোকানে নয়, ভারতের বেঙ্গালুরুর সবচেয়ে আভিজাত্যপূর্ণ পাঁচ তারকা মানের হোটেল ও রিসোর্টগুলোতে এসব পাওয়া গেছে। শহরের প্রখ্যাত সব লাক্সারি হোটেলে অভিযান চালালে খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের এসব ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় কর্ণাটকের খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন বিভাগ হোটেলগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিয়েছে। রাজ্যের সবচেয়ে ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ হোটেলগুলোও যেন খাদ্য বিধি ও পরিচ্ছন্নতার মান মেনে চলে, তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নতুন বিল পাস করেছে যুক্তরাষ্ট্র, বিপদে পড়ছে ভারত
মার্কিন সিনেট এমন একটি বিল অনুমোদন করেছে যার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস ক্রয়কারী বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের (যার মধ্যে ভারত ও চীনও রয়েছে) ওপর ১০০ ভাগ শুল্ক বা ট্যারিফ আরোপ করতে পারবেন। গত ১১ জুলাই মৃত্যুবরণকারী ইউক্রেনের অন্যতম প্রধান সমর্থক ও রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্র্যামের স্মরণে এই বিলটির নামকরণ করা হয়েছে। সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়। বর্তমানে পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পক্ষে ছিলেন লিন্ডসি গ্র্যাম।
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা প্রতিহত করা হবে: পেজেশকিয়ান
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা হলে সেই প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শুক্রবার (৭ আগস্ট) একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। পেজেশকিয়ান বলেন, ইরান এমন কোনও চাপ মেনে নেবে না, যার লক্ষ্য দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা। ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজেদের অধিকার বলে বিবেচিত বিষয়গুলো রক্ষায় এবং সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে কাজ চালিয়ে যাবে।
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি
গ্রিসের উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর বহু অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়াদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও সুদানের নাগরিক, পাশাপাশি কিছু সংখ্যক মিশরীয়ও রয়েছেন। গ্রিক সংবাদপত্র ডিমোক্রেটিয়ার প্রতিবেদন অনুযায়ী, লিবিয়া উপকূল থেকে আসা এসব নৌকায় গত ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী গ্রিসের দক্ষিণ ক্রিট দ্বীপে পৌঁছেছেন, যা স্থানীয় কর্তৃপক্ষ ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ বাড়াচ্ছে।
ট্রাম্পের সাবেক আইনজীবীই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দিয়েছে সিনেট। বিচার বিভাগের রাজনীতিকীকরণ নিয়ে ডেমোক্র্যাটদের উদ্বেগ উপেক্ষা করে রিপাবলিকানরা তাকে অনুমোদন দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এর আগে ভারপ্রাপ্ত হিসেবে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন ব্লাঞ্চ। সরকারে যোগ দেওয়ার আগে তিনি কয়েকটি ফৌজদারি মামলায় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে তার প্রতিনিধিত্ব করেন।
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানে জামায়াতে ইসলামির বিক্ষোভ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে নিজের ভূমিকা থেকে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জনের আশা করছে পাকিস্তান। তবে দেশের ভেতরে আকাশছোঁয়া পেট্রোল ও নিত্যপণ্যের দামে বাড়ছে জনঅসন্তোষ। নতুন করে জ্বালানি কর আরোপ ও মূল্যস্ফীতির প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে হাজারো মানুষ বিক্ষোভে নামেন। কট্টরপন্থি ইসলামপন্থি দল জামায়াতে ইসলামির ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। করাচি, লাহোর, পেশোয়ার, কোয়েটা, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও অ্যাবোটাবাদে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও সমাবেশের কারণে প্রধান মহাসড়ক ও সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।