বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৭ আগস্ট (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ইরান যুদ্ধে জড়াবে না দক্ষিণ কোরিয়া, ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প; ‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’; মার্কিন সেনা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার, নারীদের ক্ষেত্রে দ্বিগুণ: ইরান; ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের; মার্কিন-ইরান চুক্তি ভণ্ডুলের নেপথ্যে তেহরানের বড় পরিকল্পনা; ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
ইরান যুদ্ধে জড়াবে না দক্ষিণ কোরিয়া, ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়ার সরাসরি অংশগ্রহণ না করার বিষয়টি উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ ঘোষণা দিয়েছেন। রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। এ কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিমাণ কমানো হবে।
‘ইরানে পারমাণবিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন’
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠকে আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন। তবে নিজের এই দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি তিনি। রবিবার (১৬ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে গ্রিন বলেন, কৌশলগত বৈঠকে তারা ইরানের ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আলোচনা করছে। তিনি আরও বলেন, এটি সত্য। আমি অনুমান করছি না, আমি জানি।
মার্কিন সেনা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার, নারীদের ক্ষেত্রে দ্বিগুণ: ইরান
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন কোনও সেনাকে হত্যা বা বন্দি করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান আমির হাতামি এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, কোনও নারী যদি এই কাজ সম্পন্ন করতে পারেন তবে পুরস্কারের অর্থ দ্বিগুণ করা হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ’র বরাতে সেনাপ্রধান জানান, সাধারণ মানুষের বিপুল আগ্রহ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ধরনের সম্ভাব্য হামলা বা বন্দি করার সুনির্দিষ্ট স্থান বা সময়সীমা স্পষ্ট করেননি তিনি।
৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
কৃষকদের জন্য বড় ধরনের ঋণ ছাড়ের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরোপুরি মওকুফ করা হবে। এছাড়া ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত মওকুফ দেওয়া হবে। দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্তি উপলক্ষে এ ঘোষণা দিয়েছেন বিজয়। তামিলনাড়ুর ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করা হয়েছে।
মার্কিন-ইরান চুক্তি ভণ্ডুলের নেপথ্যে তেহরানের বড় পরিকল্পনা
গত ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করার পর হরমুজ প্রণালি পুনরায় চালু ও যুদ্ধ কমে যাওয়ার আশায় মধ্যপ্রাচ্যে জোর তৎপরতা শুরু করেছিলেন মার্কিন কর্মকর্তারা। তবে ৭ আগস্টের এক মার্কিন কংগ্রেসনাল রিপোর্টে বলা হয়েছে, ইরানের কট্টরপন্থি নেতৃত্ব ওই চুক্তিকে কেবল একটি ‘কৌশলগত বিরতি’ হিসেবে গ্রহণ করেছিল। প্রতিবেদন অনুযায়ী, তেহরানের কট্টরপন্থিরা এই সমঝোতাকে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ কমানো এবং বড় ধরনের হামলার জন্য সময় আদায়ের একটি মার্কিন-ইসরায়েলি কৌশল হিসেবে মনে করেছিল। ফলে সমঝোতা পরবর্তী দুই মাস তারা আরও বড় আকারের সংঘাত ও উত্তেজনার প্রস্তুতিতেই ব্যয় করেছে।
ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান
হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে চুক্তির প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে আত্মসমর্পণের ‘সাদা পতাকা’ তোলার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বর্তমানে ওমান ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। অন্যদিকে ওয়াশিংটনও তাদের নিজস্ব প্রক্রিয়ায় এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ওমান যদি এতে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর বোমা ফেলব।